ইন্দোনেশিয়ায় বক্সিং ম্যাচকে কেন্দ্র করে সৃষ্ট হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মারা গেছেন অন্তত ১৭ জন। পূর্ব ইন্দোনেশিয়ার দুর্গম নাবাইর এলাকায় স্থানীয় বক্সিং চ্যাম্পিয়নশিপে গত রবিবার রাতের একটি ম্যাচে পরাজিত খেলোয়াড়ের পক্ষের সমর্থকদের সৃষ্ট রায়টে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
পাপুয়া প্রাদেশিক পুলিশের মুখপাত্র সংবাদ মাধ্যমকে জানান, ‘হুড়োহুড়িতে ১৭ জনের মৃত্যু ঘটেছে যাদের মধ্যে ১২ জনই মহিলা। এছাড়া আহত হয়েছেন আরো ৩৮ জন। তাদেরকে চিকিত্সার জন্য হাসপাতালে নেয়া হয়েছে।’
পুলিশ জানায়, ম্যাচটিকে কেন্দ্র করে নাবাইর শহরের একটি স্টেডিয়ামে প্রায় ১৫০০ দর্শক জড়ো হয়। নিজেদের সমর্থিত খেলোয়াড় হেরে গেলে ক্ষুব্ধ সমর্থকরা হঠাত্ করেই চেয়ার ছোঁড়াছুঁড়ি শুরু করে। বড় ধরনের সংঘর্ষের আশঙ্কায় আতঙ্কিত দর্শকরা স্টেডিয়ামের গেটের দিকে দৌড়াতে শুরু করেন। আর তখনই পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে।
এর আগে ২০১১ সালে জাকার্তা স্টেডিয়ামে সৃষ্ট রায়টে পদপিষ্ট হয়ে দু’জনের মৃত্যুর ঘটনা ঘটে। বড় ধরনের সংঘর্ষের আশঙ্কায় দীর্ঘ সময় স্টেডিয়ামের ভেতর আটকে থাকা দর্শকদের বেশিরভাগই অবশ্য শেষ পর্যন্ত নিরাপদেই বেরিয়ে আসেন। দক্ষিণ-পূর্ব এশিয়ান গেমস ফুটবলের ফাইনালে ঐ ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়ার প্রতিপক্ষ ছিল মালয়েশিয়া।
