এই সময়ে ত্বকের যত্ন

আপডেট : ১৩ মে ২০১৯, ১৯:৪৯

 

রমজান মাসে ইফতারে প্রচুর ভাজাপোড়া খাবার খাওয়া হয়। আবার সারা দিন পানিও পান করা যায় না। আর ইফতারের পর অলসতা করে পানি পান করা হয় না। ফলে পানির অভাবে ত্বকের উজ্জ্বলতা হারিয়ে যায় এবং রুক্ষ হয়ে যায়। সঙ্গে দেখা দেয় ব্রণ সমস্যা। তাই এই সময়ে ত্বকে প্রয়োজন বাড়তি যত্ন।

প্রচুর পানি পান

রমজান মাসে যেহেতু সেহরি থেকে ইফতার পর্যন্ত পানি পান করার সুযোগ নেই, তাই ইফতারের পর প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। না হলে শরীরে পানি শূন্যতা দেখা দেবে। ফলে ত্বক রুক্ষ হয়ে যাবে এবং ব্রণ সমস্যা দেখা দেবে। পানি ছাড়াও প্রচুর ফলের রস, লেবুর শরবত, ডাবের পানি পান করা যেতে পারে। এতে শরীরের পানির অভাব পূরণ হবে।

 

অতিরিক্ত মুখ ধোবেন না

রমজান মাসে শরীরে পানির অভাবে এমনিতেই ত্বক রুক্ষ থাকে। তাই এ সময়ে ফেসওয়াশ দিয়ে অতিরিক্ত মুখ ধোয়ার অভ্যাস কিছুটা কমিয়ে ফেলুন। দিনে দুই বারের বেশি ফেসওয়াশ ব্যবহার করবেন না। প্রতিবার মুখ ধোয়ার পর ভালো ময়েশ্চারাইজার ব্যবহার করুন।

 

রসালো ফল ও শাকসবজি

অনেকেই ইফতারের পর একবারে সেহেরি করেন। সেহেরিতেও শাকসবজি তেমন না খেয়ে শুধু মাংস দিয়ে খেয়ে উঠে পড়েন। এতে পুষ্টির অভাব দেখা দেয় এবং ত্বক নিষ্প্রাণ হয়ে যায়। তাই এই সময়ে খাবার নির্বাচনে প্রয়োজন বাড়তি সতর্কতা। প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় খাবার খেতে হবে এ সময়ে। মৌসুমি ফল, বাদাম, ডার্ক চকলেট এবং আনার রাখুন খাবারের তালিকায়। ইফতারে তেলে ভাজা খাবার এড়িয়ে চলুন এবং সেহেরিতে শাকসবজি খান প্রচুর পরিমাণে।

 

সপ্তাহে অন্তত একটি ফেসমাস্ক

যত ব্যস্ততাই থাকুক, সপ্তাহে অন্তত একটি বা দুটি ফেস-মাস্ক ব্যবহার করুন। সেই সঙ্গে সপ্তাহে দুইবার স্ক্রাবিং করুন। এতে মৃত কোষ দূর হবে এবং ত্বক উজ্জ্বল দেখাবে। স্ক্রাবিংয়ের পর রোমকূপ বন্ধ করার জন্য অবশ্যই ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলবেন।

কেবল নিয়মিত যত্নই পারে রমজানে ত্বকের সজীবতা ফিরিয়ে আনতে। কাজেই উল্লিখিত কাজগুলো করার চেষ্টা করুন। এতে ত্বক শুধু শুষ্কতার হাত থেকেই বাঁচবে না, একইসঙ্গে ত্বকের উজ্জ্বলতাও বাড়বে।

মডেল আফরোজা   ছবি জুয়েল রানা