সংবাদ সংক্ষেপ

আপডেট : ১৫ জুলাই ২০১৩, ২২:১৪
কুমারখালিতে দুই গ্রুপের সংঘর্ষ কুমারখালি (কুষ্টিয়া) সংবাদদাতা সোমবার কুষ্টিয়ার কুমারখালি উপজেলার নন্দলালপুর ইউনিয়নের বাঁশআড়া গ্রামে দুই গ্রুপের সংঘর্ষে ১১ জন আহত হয়। বাড়িতে বিদ্যুত্ সংযোগ নেয়াকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বাঁশআড়া গ্রামের মৃত হুরমত আলীর ৫ ছেলের মধ্যে কুদ্দুস মেম্বার ও রেজাউলের সঙ্গে বারিক ও সিদ্দিকের বিভিন্ন বিষয় নিয়ে পূর্ব শত্রুতা ছিল। গত ১১ জুলাই বারিকের বাড়িতে বিদ্যুত্ সংযোগ নেয়াকে কেন্দ্র করে নতুন করে শত্রুতা শুরু হয়। সেদিন কুদ্দুস মেম্বারের লোকদের হামলায় বারিক পক্ষের রাসেল (৫০) ও ঝর্ণা (৩০) আহত হয়। এ ঘটনাকে কেন্দ্র করে সোমবার উভয় গ্রুপের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। গুইমারায় বিদায়ী রিজিয়ন কমান্ডারের মতবিনিময় খাগড়াছড়ি প্রতিনিধি খাগড়াছড়িতে আইন-শৃংখলা রক্ষায় নিয়োজিত ২৪ আর্টিলারি ব্রিগেড গুইমারা রিজিয়নের বিদায়ী রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুল আলম মোল্লা বলেছেন, পার্বত্য চট্টগ্রামের শান্তি-সমপ্রীতিসহ সার্বিক অবস্থার উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা প্রশংসনীয়। এ সময় তিনি কলমসৈনিক সাংবাদিকদের ভবিষ্যতেও এলাকার শান্তি-শৃংখলা রক্ষার্থে দায়িত্ব পালন করার আহবান জানান। গত রবিবার গুইমারা রিজিয়ন সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় সাংবাদিক ফোরামের সভাপতি মুহাম্মদ আবদুল আলীসহ গুইমারা রিজিয়নের ব্রিগেড মেজর হাসান মাসুদ, জিএসও মেজর হাসান আরাফাত উপস্থিত ছিলেন। মুরাদনগরে ইমাম-মুয়াজ্জিনদের সম্মেলন কুমিল্লা প্রতিনিধি কুমিল্লার মুরাদনগরে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার সকালে উপজেলার ভুবনঘর গ্রামের প্রয়াত এমপি হারুনুর রশিদের জমিদারবাড়ি প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলার সৈয়দপুর কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিছ হযরত মাওলানা মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন এফবিসিসিআই’র সাবেক সভাপতি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক শিল্পপতি ইউছুফ আবদুল্লাহ হারুন এফসিএ। সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ হারুন অর রশীদ, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা কবির আহাম্মদ, মাওলানা মাছুম বিল্লাহ প্রমুখ। জীবননগরে ট্রেনে কাটা পড়ে ১জনের মৃত্যু জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা চুয়াডাঙ্গার জীবননগরের শাহাপুরে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার রাত নয়টার দিকে আনসারবাড়িয়া রেলস্টেশনের নিকটবর্তী শাহাপুর রেল গেইটের কাছে রেললাইনের ধারে অজ্ঞাত (৪০) এক ব্যক্তির দ্বিখণ্ডিত লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। এলাকাবাসীর ধারণা ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে। সোমবার সকালে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। নিহতের পরিচয় পাওয়া যায়নি। ছাতক আইডিয়াল একাডেমীতে মেডিক্যাল ক্যাম্প ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা ছাতকে সূর্যের হাসি ক্লিনিকের ভ্রাম্যমাণ মেডিক্যাল ক্যাম্পে আইডিয়াল একাডেমীর শিক্ষার্থী ও অভিভাবকদের চিকিত্সা প্রদান করা হয়। সোমবার সকালে একাডেমীতে শতাধিক শিক্ষার্থী ও অভিভাবককে এ চিকিত্সা প্রদান করা হয়। মেডিক্যাল ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আইনুর আক্তার পান্না। ক্লিনিকের ডা. রোমানা রহমান সূচি একাডেমীর শিক্ষার্থী ও অভিভাবকদের চিকিত্সা এবং ব্যবস্থাপত্র প্রদান করেন। গাজীপুরে মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের কমিটি গাজীপুর প্রতিনিধি বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ গাজীপুর মহানগর শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আহসান রাকিব ভুঁইয়াকে (রনি) সভাপতি ও ইঞ্জিনিয়ার সোহেল আহম্মেদকে সাধারণ সম্পাদক করা হয়েছে। গত রবিবার সকালে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. ফয়েজ উল্লাহ ও সাধারণ সম্পাদক মুহাম্মদ রোকন উদ্দিন পাঠান এ কমিটি অনুমোদন করেছেন। মেলান্দহে সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা মেলান্দহ এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (এসিএমবিএফ) ও রিপোর্টার্স ইউনিটির আয়োজনে সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ক্রীড়া সংস্থার কার্যালয়ে মানবাধিকার সুরক্ষায় ১৫ দিনের এ প্রশিক্ষণ গত ১৩ জুলাই থেকে শুরু হয়। কর্মশালার উদ্বোধন করেণ হুইপ মির্জা আজম এমপি। এসিএমবিএফের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গাজিউর রহমানের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সরকার আ. সালাম বকুল, উপজেলা কমান্ডার আলহাজ্ব এসএম আ. মান্নান, উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ৪ নং নাংলা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব কিসমত পাশা প্রমুখ। সাতক্ষীরায় প্রতিবন্ধীদের মাঝে ঈদের পোশাক সাতক্ষীরা প্রতিনিধি সাতক্ষীরার একমাত্র বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের ৬১ জন ছাত্র-ছাত্রীর মাঝে গত রবিবার সকালে ঈদের পোশাক বিতরণ করা হয়। ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোস্তফা কামাল লস্করের আর্থিক সহযোগিতায় প্রদেয় ছাত্র-ছাত্রীদের মাঝে নতুন পোশাক তুলে দেন সাতক্ষীরা জেলা প্রশাসক পত্নী মিসেস দিলরুবা খান । এ উপলক্ষে আলোচনাসভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হাপসা খাতুন। গাজীপুরে অস্ত্র ও গুলিসহ যুবক আটক গাজীপুর প্রতিনিধি গত রবিবার দুপুরে জেলা গোয়েন্দা পুলিশ মহানগরের মালেকের বাড়ি এলাকা থেকে কামাল হোসেনকে (৩২) একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ আটক করেছে। সে বি-বাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার কানাইনগর গ্রামের আবুল কাশেমের ছেলে। গোয়েন্দা পুলিশ জানায়, দুপুর একটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর মহানগরের মালেকেরবাড়ি এলাকায় স্থানীয় সাইফুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে কামাল হোসেনকে আটক করা হয়। এ সময় গোয়েন্দা পুলিশ তার কাছ থেকে আমেরিকার তৈরি ৭.৬২ মডেলের পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করে। বড়াইগ্রাম আওয়ামী লীগের কমিটি পুনর্গঠন বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা বড়াইগ্রাম আওয়ামী লীগের কমিটি পুনর্গঠন করা হয়েছে। শনিবার উপজেলা আওয়ামী লীগের সভায় ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারীকে সহ-সভাপতি, জাকির সরকারকে সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, আবুল কালাম আযাদকে ধর্ম বিষয়ক সম্পাদক এবং মিজানুর রহমান রিন্টু ও আব্দুস সোবহান মেম্বারকে কার্যনির্বাহী সদস্য পদে মনোনয়ন দেয়া হয়। এ উপলক্ষে আয়োজিত সভায় উপজেলা কমিটির সভাপতি মমতাজ হোসেন মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন সহ-সভাপতি এ্যাডভোকেট আ. রশিদ ছানা, জয়বাংলা সামাজিক আন্দোলন কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. মো. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, ইউপি চেয়ারম্যার সিদ্দিকুর রহমান, সাবেক চেয়ারম্যান আতাউর রহমান জিন্নাহ প্রমুখ। জোনাইল ইউপির বাজেট পেশ বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা নাটোরের বড়াইগ্রাম উপজেলার ৩ নং জোনাইল ইউনিয়ন পরিষদের ২০১৩-১৪ অর্থবছরের বাজেট পেশ করা হয়েছে। গত রবিবার চেয়ারম্যান রাশেদুল আলম রাসেল ৪৬ লাখ ৪ হাজার ৩৮৮ টাকার উদ্বৃত্ত বাজেট পেশ করেন। বাজেটে রাজস্ব খাতে ২২ লাখ ৪ হাজার ৩৮৮ টাকা ও উন্নয়ন খাতে ২৪ লাখ টাকা আয় এবং রাজস্ব খাতে ২১ লাখ ৪৩ হাজার ৬৫৭ টাকা ও উন্নয়ন খাতে উন্নয়ন আয়ের সমপরিমাণ টাকা ব্যয় ধরা হয়েছে। এছাড়া বাজেটে ৬০ হাজার ৭৩১ টাকা উদ্বৃত্ত ধরা হয়েছে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সচিব শ্রী সঞ্জয় কুমার চাকী, ওয়ার্ড মেম্বার জমশেদ আলী, শওকত হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। শিবালয়ের চরাঞ্চলে ৮ বাড়িতে ডাকাতি শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা শিবালয় উপজেলার যমুনা নদীর তীরবর্তী চররঘুনাথপুর চরাঞ্চলে একসাথে আট বাড়িতে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতরা আটটি গরু, পাঁচ ভরি স্বর্ণালঙ্কার, নয়টি মোবাইল সেটসহ নগদ তিন লাখ টাকা লুটে নেয়। গত শনিবার রাত একটার দিকে এই ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতকবলিত পরিবারের সদস্য মতিন শেখ জানান, রাতে ১৫-২০ জনের একদল মুখোস পরা ডাকাত তাদের বাড়িগুলোতে হানা দেয়। ডাকাতরা বাড়ির লোকজনকে মারপিট ও অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ১০ লাখ টাকার মালপত্র লুটে নেয়। মোরেলগঞ্জে রোভার স্কাউটের নির্বাচন মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা বাগেরহাট জেলা রোভার স্কাউটের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোরেলগঞ্জ এসএম বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক অধ্যাপক আ. আউয়াল। জেলা প্রশাসক মু. শুকুর আলীর সভাপতিত্বে ত্রিবার্ষিক কাউন্সিল অধিবেশনে অনুষ্ঠিত নির্বাচনে তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হন। নির্বাচনে জেলার ৫৫টি কলেজের রোভার প্রতিনিধিরা অংশগ্রহণ করে তাদের ভোটাধিকার প্রয়োগ করে। ২৫ সদস্যবিশিষ্ট এ কমিটির পদাধিকার বলে সভাপতির দায়িত্ব পালন করেন জেলা প্রশাসক। সৈয়দপুরে ১৬ দম্পতিকে রিকশাভ্যান প্রদান সৈয়দপুর (নীলফামারী ) সংবাদদাতা নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার ৫টি ইউনিয়নের অসহায়, হতদরিদ্র ও বেকার ১৬ দম্পতির মাঝে একটি করে রিকশাভ্যান প্রদান করা হয়েছে। নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরীগঞ্জ) আসনের সংসদ সদস্য কর্নেল (অব.) এএ মারুফ সাকলানের স্বেচ্ছাধীন তহবিলের অনুদানের টাকায় রিকশাভ্যানগুলো কেনা হয়। সোমবার সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম রিকশাভ্যানগুলো দম্পতিদের হাতে তুলে দেন। গোপালগঞ্জের এক ক্লিনিকে সিলগালা গোপালগঞ্জ প্রতিনিধি গোপালগঞ্জে ১ ক্লিনিক সিলগালা ও অন্য ৩টিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক চৌধুরী আশরাফুল করিম এ জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালতের সদস্য ডা. হুমায়ূন কবির হিমু জানান, মেডি সার্ভ ক্লিনিকের কোন অনুমোদন না থাকায় ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে ৫ হাজার টাকা জরিমানা ও ক্লিনিক সিলগালা করা হয়। এছাড়া মেডিনোভা ডায়গনস্টিক সেন্টারের রেজিস্ট্রেশন, রেট চার্ট না থাকা ও ফাতেমা মেডিক্যাল এবং ডায়গনস্টিক সেন্টারের টেকনিশিয়ান না থাকায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। মীর্জাগঞ্জে এসিল্যান্ড পদ শূন্য মীর্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা মীর্জাগঞ্জ উপজেলায় দেড়বছর ধরে সহকারী কমিশনার (ভূমি) পদটি শূন্য রয়েছে। ফলে উপজেলার ৬টি ইউনিয়নের সরকারি খাস জমি রক্ষণাবেক্ষণ ও রাজস্ব আদায় কাজে নানা সমস্যাসহ বিভিন্ন এলাকায় জমিতে নামজারি ও জমি খারিজসমেত প্রশাসনিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। এছাড়া ভূমি সংক্রান্ত কাজে উপজেলার শত শত লোক ভোগান্তির শিকার হচ্ছে। মীর্জাগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিস সূত্রে জানা যায়, গত ২০১১ সালের ৩০ ডিসেম্বর তত্কালীন এসিল্যাণ্ড মোহাম্মদ চাহেল তস্তরী মীর্জাগঞ্জ থেকে অন্যত্র বদলি হয়ে যাওয়ার পর থেকে পদটি শূন্য রয়েছে। শেরপুরে শিক্ষকদের কম্পিউটার প্রশিক্ষণের সমাপনী শেরপুর(বগুড়া)সংবাদদাতা বগুড়ার শেরপুরে মাধ্যমিক শিক্ষাস্তরে শিক্ষকদের আইসিটি স্কিল এবং শিক্ষক কর্তৃক ডিজিটাল কনটেন্ট তৈরি ও মাল্টিমিডিয়া ক্লাসরুম পরিচালনা প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের আয়োজনে ও শেরপুর উপজেলা প্রশাসনের পরিচালনায় ১৫ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান গত ১৪ জুলাই শেরপুর ডি.জে হাইস্কুল কম্পিউটার ল্যাব. রুমে অনুষ্ঠিত হয়। ডি.জে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি বদরুল ইসলাম পোদ্দার ববির সভাপতিত্বে অনুষ্ঠিত সনদ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল আলম। বেলকুচিতে প্রতিবন্ধীদের উপবৃত্তি প্রদান বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি বেলকুচিতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তি প্রদান করা হয়েছে। গত রবিবার বেলকুচি উপজেলা সমাজ সেবা অধিদপ্তর আয়োজিত উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক স্তরের প্রতিবন্ধী শিক্ষার্থীদের বাত্সরিক উপবৃত্তি উপজেলা হলরুমে আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়েছে। উপজেলা মাধ্যমিক স্তরে ৩ জনকে মাসিক ৪৫০/- টাকা হারে ও প্রাথমিক স্তরের জন্য ২৩ জনকে মাসিক ৩০০/- টাকা হারে একবছরের উপবৃত্তির চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হেমায়েতউদ্দিন। দুর্গাপুরে স্নাতক পর্যায়ের ছাত্রীদের উপবৃত্তি দুর্গাপুর(নেত্রকোনা) সংবাদদাতা দুর্গাপুরে নারী শিক্ষা বৃদ্ধির লক্ষ্যে স্নাতক (পাস) ও সম্মান পর্যায়ের ৫৪৭ জন ছাত্রীর মধ্যে উপবৃত্তির টাকা বিতরণ গত রবিবার উপজেলা অডিটরিয়ামে উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের আয়োজনে সুসঙ্গ মহাবিদ্যালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত হয়। উপজেলা শিক্ষা কর্মকর্তা কামাল পারভেজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহী, অন্যান্যের মধ্যে আলোচনা করেন উপজেলা চেয়ারম্যান সাইদুল হোসেন আকঞ্জি, নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, পৌর মেয়র শ ম জয়নাল আবেদীন, সুসঙ্গ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. ভবানী সাহা, মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান প্রমুখ। শ্যামনগরে মহিলাদের সনদ ও চেক বিতরণ শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি প্রকল্পের আওতায় নিয়োজিত দুস্থ মহিলা কর্মীদের মধ্যে সনদপত্র ও সঞ্চয়ের চেক বিতরণ অনুষ্ঠান সোমবার উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। উপজেলা প্রকৌশলী এ.এম.এম. তরিকুল হাসান খানের সভাপতিত্বে চেক প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শিল্পী রানী মৃধা, উপজেলা মত্স্য কর্মকর্তা রাজকুমার বিশ্বাস। নাগরপুরে সন্ত্রাসী হামলায় ঘরবাড়ি ভাংচুর নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা টাঙ্গাইলের নাগরপুরে জমিজমা নিয়ে বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের একদল সশস্ত্র সন্ত্রাসী বাহিনী একটি বসতবাড়িতে হামলা চালিয়েছে। সন্ত্রাসীরা ঐ বাড়িতে গৃহকর্ত্রী আমেনা খাতুন (৪৫) ও তার ছেলে আল-মামুনকে (২৫) কুপিয়ে গুরুতর আহত করেছে। এ সময় সন্ত্রাসীরা বাড়ি-ঘরে ব্যাপক ভাংচুর চালায়। আহত অবস্থায় আল-মামুন ও তার মা আমেনা খাতুনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রবিবার উপজেলার ঘিওরকোল গ্রামে এ ঘটনাটি ঘটে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আড়াইহাজারে পৌর যুবদলের কমিটি গোপালদী বাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা আড়াইহাজার পৌর যুবদলের আহবায়ক কমিটি গঠিত হয়েছে। মোঃ কবির হোসেনকে আহবায়ক করে ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন, যুগ্ম আহবায়ক মোঃ আল-আমিন, সিরাজুল ইসলাম সিরাজ, মোঃ জামাল হোসেন ও শব্দর আলী। জেলা যুবদলের সভাপতি মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম মুকুল রবিবার এই কমিটির অনুমোদন করেন। খোকসায় ফলদ ও বৃক্ষ মেলা উদ্বোধন খোকসা (কুষ্টিয়া) সংবাদদাতা সোমবার কুষ্টিয়ার খোকসায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ফলদ ও বৃক্ষ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আবু হেনা মোঃ মুস্তাফা কামাল। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেতবাড়ীয়া ইউপি চেয়ারম্যান বাবুল আখতার, জয়ন্তীহাজরা ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ। ৩ দিনব্যাপী এ মেলা শেষ হবে ১৭ জুলাই।