মাদকমুক্ত সমাজ চাই

আপডেট : ২৭ নভেম্বর ২০১৮, ২২:১৪

মাদক বাংলাদেশের সবচেয়ে আলোচিত বিষয়। মাদকাসক্তি হলো মাদক সেবনের নেশা। মাদকাসক্ত ব্যক্তি সমাজ ও রাষ্ট্রের জন্য হুমকিস্বরূপ। মাদক সেবনকারী ব্যক্তির মধ্যে চিন্তা এবং আচরণের পরিবর্তন দেখা যায়। তার চিন্তা-ভাবনা হয়ে ওঠে বিক্ষিপ্ত। মেজাজ খিটখিটে হয়ে যায়। কোনো কিছুতেই মনঃসংযোগ করতে পারে না। শান্ত-সুবোধ ছেলেটিও হঠাত্ অবাধ্য হয়ে ওঠে। ধীরে ধীরে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে।

মাদকাসক্ত ব্যক্তি যেমন নিজেকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যায় তেমনি পরিবার এবং সমাজের জন্যও সে ক্ষতির কারণ হতে পারে। সাম্প্রতিককালে মাদকাসক্তি এক ভয়াবহ রূপ ধারণ করেছে। মাদকাসক্তির কারণে সংগঠিত বিভিন্ন অপরাধকর্ম যেমন খুন-সন্ত্রাস, রাহাজানি প্রভৃতি মহামারী জীবাণুর মতোই সর্বত্র ছড়িয়ে পড়ছে।

সমপ্রতি প্রকাশিত সরকারি হিসাব অনুযায়ী, দেশে ৭০ লাখেরও বেশি মাদকাসক্ত রয়েছে। এর মধ্যে ৯১ ভাগই কিশোর, যুবক এবং নারী। তরুণ প্রজন্মের হাতে তুলে দেওয়া হচ্ছে মরণ নেশার উপকরণ। আর এভাবেই সম্ভাবনাময় ভবিষ্যত্ বিসর্জন দিয়ে ধ্বংসের স্রোতে ভেসে যাচ্ছে অসংখ্য মেধাবী তরুণ-তরুণী। এদের রক্তের সঙ্গে এমন কিছু পদার্থ মিশে যাচ্ছে যা থেকে তারা কিছুতেই বের হতে পারছে না।

এভাবে চলতে থাকলে ভয়াবহ বিপর্যয় নেমে আসবে; যা কিছুতেই রোধ করা সম্ভব হবে না। তাই আমাদের সবার বিশেষ করে কিশোর-কিশোরীদের প্রতি সতর্ক দৃষ্টি রাখতে হবে। আমাদের ধর্মীয় বিধি-নিষেধকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তবেই আমাদের  সমাজ এক সময় মাদকমুক্ত হয়ে একটি আদর্শ সমাজে পরিণত হবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়