উত্তরখানে গৃহবধূর আত্মহত্যা, স্বামী ও শাশুড়ি গ্রেফতার

আপডেট : ১৬ জুলাই ২০১৩, ২১:১৫
উত্তরখান থানার লালবাগের মুন্ডা এলাকায় কারিমা আক্তার নামে এক গৃহবধূ গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যা করেছেন। পরিবারের অভিযোগ, স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে ঐ গৃহবধূ এ পথ বেছে নেন। এই অভিযোগে গৃহবধূর বাবা আব্দুল কাদের বাদী হয়ে উত্তরখান থানায় একটি মামলা করেছেন। পুলিশ এই মামলায় গৃহবধূর স্বামী হারুনুর রশিদ ও শাশুড়ি নাসিমা খাতুনকে গ্রেফতার করেছে। পারিবারিক সূত্র জানায়, সোমবার রাত ৮টার দিকে মুন্ডার বাসায় কারিমা তার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। ঘটনার আগে তার স্বামী তাকে তুচ্ছ ঘটনার জের ধরে মারপিট করেন। অগ্নিদগ্ধ অবস্থায় কারিমাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরে কারিমাকে চিকিত্সকরা মৃত ঘোষণা করেন।