কায়েসং নিয়ে নতুন করে আলোচনায় বসছে দুই কোরিয়া

আপডেট : ১৬ জুলাই ২০১৩, ২১:৩৩
উত্তর ও দক্ষিণ কোরিয়া তাদের যৌথ শিল্পাঞ্চল কায়েসং পুনরায় খুলে দেয়ার বিষয়ে নতুন করে আলোচনা শুরু করতে যাচ্ছে। মঙ্গলবার তাদের মধ্যে এ আলোচনা অনুষ্ঠিত হবার কথা। কোরীয় উপদ্বীপে ভবিষ্যত্ উত্তেজনা হ্রাসের ক্ষেত্রে এটিকে একটি মাপকাঠি হিসেবে দেখা হচ্ছে। দক্ষিণ কোরিয়ার প্রধান প্রতিনিধি কিম কি-উং সীমান্ত অতিক্রম করার আগে সাংবাদিকদের বলেন, আমি কায়েসং শিল্পাঞ্চল পুনরায় খুলে দেয়ার ব্যাপারে এবং এটিকে একটি আন্তর্জাতিক শিল্প পার্কে উন্নীত করতে সর্বোচ্চ চেষ্টা চালাবো। এব্যাপারে সুহ হো’র স্থলাভিষিক্ত কিম আলোচনার প্রাক্কালে নিয়মিত ব্রিফিংয়ের অংশ হিসাবে এসব কথা বলেন। উত্তর কোরিয়া সীমান্তের ১০ কিলোমিটার ভিতরে সিউলের বিনিয়োগকৃত শিল্পাঞ্চলে তাদের মধ্যে এ আলোচনা হওয়ার কথা রয়েছে।