আগামিকাল লর্ডসে দ্বিতীয় টেস্ট শুরু

একই যাত্রায় দুই কোচের ভিন্ন অনুভূতি

আপডেট : ১৬ জুলাই ২০১৩, ২১:৩৬
ইংল্যান্ড কোচ অ্যান্ডি ফ্লাওয়ার যখন স্বাগতিক ক্রিকেটারদের প্রশংসায় ভাসাচ্ছেন সেই সময়ে ট্রেন্ট ব্রীজে পরাস্ত অস্ট্রেলিয়া কোচ ড্যারেন লেহম্যানের কণ্ঠে ব্যাটসম্যানদের সমালোচনা। এর মধ্যেই আগামীকাল বৃহস্পতিবার লর্ডসে শুরু হতে যাচ্ছে অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টটি যাতে স্বাগতিকরা ট্রেন্ট ব্রীজের বিজয়ী দলটিকে নিয়েই অস্ট্রেলিয়ার মোকাবেলায় নামছে। অ্যান্ডি ফ্লাওয়ার নাটকীয় প্রথম টেস্টে শেষ মুহূর্ত পর্যন্ত স্নায়ু ধরে রাখতে পারায় খেলোয়াড়দের প্রশংসায় ভাসিয়েছেন। অপরদিকে অজি ব্যাটসম্যানদের সমালোচনা করেছেন কোচ লেহম্যান। জেমস অ্যান্ডারসনের দুর্দান্ত বোলিংয়ে শেষ পর্যন্ত ১৪ রানের জয় নিয়ে মাঠ ছাড়তে পারায়, খেলোয়াড়দের আবারো প্রশংসায় ভাসিয়েছেন জিম্বাবুইয়ান কোচটি। তিনি বলেন. ‘এটা দুর্দান্ত একটা ম্যাচ ছিল। যে স্থিরতা এবং প্রত্যাবর্তনের ক্ষমতা তারা দেখিয়েছে তাতে আমি গর্বিত। চাপের মুখে তারা স্নায়ু ধরে রাখতে পেরেছে। পাঁচটি দিনই কেটেছে উত্তেজনার মধ্যে। (এমন একটা ম্যাচে) বিজয়ী হিসেবে বেরিয়ে আসতে পারাটা সত্যিই দারুণ এবং লর্ডসে এটা আমাদের অনেক বেশি আত্মবিশ্বাসী করে তুলবে।’ ইতোমধ্যে ইংল্যান্ড দল ঘোষণা করে দিলেও মূল একাদশে আসতে পারে দুয়েকটি পরিবর্তন। ট্রেন্ট ব্রীজে নিজেকে মেলে ধরতে না পারা স্টিফেন ফিনের জায়গায় মাঠে নামতে পারেন পেসার টিম ব্রেসনান অথবা গ্রাহাম অনিয়ন্স। এছাড়া সংশয় আছে আরেক পেসার স্টুয়ার্ট ব্রডকে নিয়েও। গত টেস্টের প্রথমদিনে অস্ট্রেলিয় পেসার জেমস প্যাটিনসনের বল আঘাত করে ব্রডের কাঁধে। কিছুদিন আগে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে এই কাঁধেই আঘাত পেয়েছিলেন তিনি। তবে লর্ডস টেস্টে ব্রড খেলবেন বলে আশাবাদী ফ্লাওয়ার। এদিকে এই সিরিজেই অভিষিক্ত অজি কোচ লেহম্যান পরাজয়ের কারণ হিসেবে দুষেছেন ব্যাটিং অর্ডারের ব্যর্থতাকেই। দুই ইনিংসেই শেষ উইকেট জুটির দারুণ দুটি পার্টনারশিপের উপর ভর করে সফরকারীরা ম্যাচে লড়াই করে। তবে সেটা টপ অর্ডারদের ব্যর্থতাকে মোটেই আড়াল করতে পারছে না। লেহম্যান বললেন, পেছন থেকে এসে সিরিজ জিততে হলে ব্যাটসম্যানদের ভাল করার কোন বিকল্প নেই। বিশ্বকাপ জয়ী এই খেলোয়াড় বলেন, ‘আমার মনে হয় ম্যাচের দিকে তাকালে পরিষ্কার বোঝা যায়, আপনাকে টপ অর্ডারে আরো ভাল ব্যাটিং করতে হবে। আমার মনে হয়, এটাই মূল ব্যাপার। আমাদের বোলিং নিয়ে কোন সমস্যা নেই এবং আমরা জানি আমরা তাদের ব্যাটসম্যানদের বাধ্য করতে পারবো। তবে ব্যাটসম্যানদের আরো রান করতে হবে।’