বিশ্বের দুই নম্বর খেলোয়াড় মারিয়া শারাপোভা কোমরের ইনজুরির কারণে স্ট্যানফোর্ড ক্ল্যাসিক টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন। আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ডে এ টুর্নামেন্টটি শুরু হবে।
শারাপোভা সরে দাঁড়ানোয় এখন টুর্নামেন্টটির আকর্ষণও অনেকখানি কমে গেছে। উইম্বলডনের সময় থেকেই বাম কোমরের ইনজুরিতে ভুগছিলেন রুশ এই তারকা। এ ব্যাপারে টুর্নামেন্ট পরিচালক কিম হল বলেছেন, ‘আমরা বুঝতে পারি যে একজন খেলোয়াড়ের স্বাস্থ্যই তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
হল আরো জানান, শারাপোভা ছাড়াও বিশ্বের ১৫তম খেলোয়াড় বেলজিয়ামের কার্স্টেন ফ্লিপকেন্সও সরে দাঁড়িয়েছেন। কর্মকর্তারা অবশ্য তার সরে দাঁড়ানোর কারণ জানাননি। অবশ্য শারাপোভা না খেললেও এখনো টুর্নামেন্টটির আকর্ষণ ধরে রাখতে পারেন নতুন উইম্বলডন চ্যাম্পিয়ন মারিয়ন বারতোলি ও বিশ্বের চার নম্বর খেলোয়াড় অগনিয়েস্কার রাদাওয়ানাস্কা। এছাড়াও আছেন সাবেক ইউএস ওপেন চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সামান্থা স্টোসার এবং ২০১০ সালের ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন ফ্রান্সেসকা শিয়াভোনে।
আয়োজকরা জানিয়েছেন, শারাপোভা এবং ফ্লিপকেন্সের বদলে ২৮ খেলোয়াড়ের এই প্রতিযোগিতায় অন্তর্ভুক্ত হবেন বিশ্বের ৪৬ ও ৭৯ নম্বর খেলোয়াড় ড্যানিয়েলা হান্তুচোভা এবং ক্রিস্টিনা ম্যাকহল।—বাসস
