ফুটবল দল আজ আরো একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। এবারও প্রতিপক্ষ বিজেএমসি। এই দলটির বিরুদ্ধে জাতীয় ফুটবল প্রাথমিক দল প্রথম ম্যাচটি খেলেছিল। সেবার ২-০ গোলে জিতেছিল ক্রুইফের দল। আরামবাগের বিরুদ্ধে খেলতে চেয়েছিল জাতীয় দল। কিন্তু আরামবাগ আজ রাতে ভুটান রওনা হবে কিংসকাপ ফুটবলে খেলার উদ্দেশ্যে। সে কারণে তারা রাজি হয়নি বলে শোনা গেছে। বিজেএমসিও ভুটান যাবে। তাদের হাতে সময় আছে। তাই এই অফিস দলটি আরো একটি ম্যাচ খেলে নিজেদের পারফরম্যান্সটা দেখে নেয়ার সুযোগ পাচ্ছে। একই সাথে ক্রুইফও দেখে নিতে পারছেন তার ছেলেদের। বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিকাল সাড়ে চারটায় ম্যাচ।
২৬ জন ফুটবলার রয়েছে এখন ক্যাম্পে। কতজন ফুটবলার থাইল্যান্ড যাবে সেটা এখনও চূড়ান্ত হয়নি। তারও আগে বাফুফে অপেক্ষায় রয়েছে থাইল্যান্ডের বিরুদ্ধে ম্যাচটা কবে হবে। থাইল্যান্ড সেটা জানাবে বলে জাতীয় দলের ম্যানেজার ইকবাল হোসেন জানিয়েছেন।
