আকসুর রহস্যময় সফর

আপডেট : ১৬ জুলাই ২০১৩, ২১:৩৯
সবকিছু ঠিক থাকলে গতকাল ‘চূড়ান্ত তদন্ত’ শেষে ঢাকা ছেড়ে চলে গেছে আইসিসির দুর্নীতি দমন ও নিরাপত্তা ইউনিটের (আকসু) প্রতিনিধি দল। এই সফরে আকসু দল ঠিক কাদের সঙ্গে কথা বললো, কাদের জিজ্ঞাসাবাদ করলো; এ ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিষ্কার কোনো ধারণা নেই বলেই জানা গেল। বিসিবির বেশ কয়েকজন কর্মকর্তা বললেন, তারা আসলেই অবহিত নন এ সম্পর্কে। আকসু দল অন্যান্য সফরে বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র্যাব) সহায়তা নিয়ে থাকে। এ সফরে র্যাবের সঙ্গেও তাদের কোনো যোগাযোগ হয়নি বলে জানা গেছে। চারিদিকে যার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে, তিনি বলছেন, আকসুর সঙ্গে তার কোনো কথা হয়নি। তাহলে কথা বললো তারা কার সাথে? তবে ক্রিকেট পাড়ায় গুঞ্জন যে, এই সফরে আকসু দল মোহাম্মদ রফিকের সঙ্গে কথা বলেছে। একই সঙ্গে বাংলাদেশ প্রিমিয়ার লিগে সন্দেহের তালিকায় থাকা তিন ম্যাচের আম্পায়ার ও কর্মকর্তাদের সঙ্গে আলাপ করেছে বলেও গুঞ্জন আছে। মোহাম্মদ রফিকের নামটি আলোচনায় এসেছিল মোহাম্মদ আশরাফুলের কথার সূত্র ধরে। আশরাফুল নাকি আকসুর কাছে দেয়া জবানবন্দিতে বলেছিলেন, ঢাকা গ্লাডিয়েটর্সের সহকারী কোচ ও বাংলাদেশের সাবেক কিংবদন্তী স্পিনার রফিক তাদের ম্যাচ ও স্পট ফিক্সিংয়ের ব্যাপারটা জানতেন। কিন্তু এ অভিযোগ পরে অস্বীকার করেছেন মোহাম্মদ রফিক। আকসু তার সঙ্গে কথা বলেছে কি না, বললেও তিনি এই অভিযোগের ব্যাপারে কী বলেছেন; এসব অবশ্য জানা গেল না। কারণ, মোহাম্মদ রফিকের ফোনই বন্ধ মিললো। তবে কয়েকজন সিনিয়র আম্পায়ারের সঙ্গে আলাপ করতে গিয়ে জানা গেল, ওই ম্যাচ সংশ্লিষ্ট কোনো আম্পায়ারের সঙ্গে আকসুর তরফ থেকে কোনো যোগাযোগ করা হয়নি। তবে যোগাযোগ যার সঙ্গেই হোক না কেন, আকসু তার তদন্ত শেষ করেছে বলেই নিশ্চিত বিসিবি। তারা আশাবাদী এই শেষ পর্যায়ের তদন্ত শেষে আগস্টের প্রথম সপ্তাহেই রিপোর্ট দেবে আকসু।