বিশ্বের সবচেয়ে ধনী ৫০টি ক্লাবের মধ্যে শীর্ষে আছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। এ তালিকায় শীর্ষ তিনটি স্থানই দখল করেছে ফুটবল ক্লাব। এরপরের অবস্থানেই আছে যথাক্রমে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড এবং স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনা।
ফোর্বস ম্যাগাজিনের দেয়া হিসেব অনুযায়ী রিয়াল মাদ্রিদের চলতি বাজার মূল্য ৩৩০ কোটি ডলার। গত বছর এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল রিয়াল। অপরদিকে গেলবার এ তালিকায় শীর্ষে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের বর্তমান মূল্য ৩১৭ কোটি ডলার। রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা অষ্টম স্থান থেকে উঠে আসে এবং এবার তাদের মূল্য দাঁড়িয়েছে ২৬০ কোটি ডলার।
মাদ্রিদের দলটি রেকর্ড ৩২টি লা লিগা ও নয়বার ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হলেও সাম্প্রতিক সময় তাদের সাফল্য খুব বেশি নয়। এরপরও বিশ্ব জুড়ে ক্লাবটির ছড়িয়ে ছিটিয়ে থাকা সমর্থক ও গত ২০ বছর ধরে রাউল, রোনালদো, ডেভিড বেকহ্যাম, জিনেদিন জিদান ও ক্রিস্টিয়ানো রোনালদোর মতো তারকা খেলোয়াড়রা স্প্যানিশ দলটিকে ব্যাপকভাবে জনপ্রিয় করে রেখেছেন। এরই সুবাদে রিয়াল মাদ্রিদ ২০১১-১২ মৌসুমে ৬৫ কোটি ডলার রাজস্ব আয় করেছে। মজার ব্যাপার হলো গেল তিন বছরে ক্লাবটির রাজস্ব বেড়েছে ৬২% হিসেবে।
যুক্তরাষ্ট্রের ক্লাবগুলোর মধ্যে সবার উপরে আছে দ্য নিউইয়র্ক ইয়াংকিস। ক্লাবটি ২৩০ কোটি ডলার মূল্য নিয়ে আছে চতুর্থ স্থানে। আরেক জনপ্রিয় ক্লাব ডালাস কাউবয়েজ আছে পঞ্চম স্থানে যার বর্তমান মূল্য ২১০ কোটি ডলার।
তালিকার প্রথম তিনটি স্থান দখল করতে না পারলেও আমেরিকার ন্যাশনাল ফুটবল লিগ বা এনএফএল-এর ৩২টি দলের মধ্যে ৩০টিই এতে জায়গা করে নিয়েছে। সেগুলোর গড়মূল্য হলো ১২৪ কোটি ডলার। —বাসস/ফোর্বস
