আইফোনের ১০ অ্যাপ্লিকেশন

আপডেট : ১৬ জুলাই ২০১৩, ২১:৪১
সম্প্রতি অ্যাপল’র আইফোন এবং আইপ্যাডের অ্যাপ্লিকেশনের জন্য স্টোর অ্যাপস্টোরের বয়স পেরিয়ে গেছে ৫ বছর। ৬ বছরে পা দেওয়া এই অ্যাপ স্টোর সম্প্রতি প্রকাশ করেছে এই স্টোরের সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া অ্যাপ্লিকেশনের তালিকা। অর্থের বিনিময়ে কেনা অ্যাপ্লিকেশন এবং বিনামূল্যের অ্যাপ্লিকেশন—উভয়ের জন্যই এই তালিকা প্রকাশ করেছে অ্যাপল। এই লেখায় আইফোনের বিনামূল্যের অ্যাপ্লিকেশনের মধ্যে যে ১০টি অ্যাপ্লিকেশন সবচেয়ে বেশি ডাউনলোড হয়েছে, সেগুলোর কথা জানানো হলো। ১. ফেসবুক সামাজিক যোগাযোগের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক। আইফোনের বিনামূল্যের যত অ্যাপ্লিকেশন রয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি ডাউনলোড হয়েছে এই সামাজিক যোগাযোগের সাইটটির অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনটি ইন্টারফেসের দিক থেকে শুরুতে ব্যবহারবান্ধব ছিল না। তবে পরে এতে নানা পরিবর্তন নিয়ে আসা হয় এবং এটি জনপ্রিয় হয়ে ওঠে। ২. প্যানডোরা রেডিও ডাউনলোডের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে প্যানডোরা রেডিও। গান শুনতে যারা পছন্দ করেন, তাদের কাছে অত্যন্ত জনপ্রিয় এই সার্ভিসটি। আইফোনের অ্যাপ্লিকেশনটিও সার্ভিসের মতোই জনপ্রিয়তা লাভ করেছে। অ্যাপ্লিকেশনটি ইন্টারফেসের দিক থেকে অনেক সহজ। ৩. ইন্সট্যাগ্রাম অনলাইন ফটো শেয়ারিং সার্ভিস হিসেবে ইন্সট্যাগ্রামের জনপ্রিয়তা প্রশ্নাতীত। আইফোনে এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে ছবি তোলার সময় যেমন নানা ধরনের ফিল্টার ব্যবহার করা যায়, তেমনি ছবি শেয়ারিংও এর মাধ্যমে সহজ। ৪. ইউটিউব ভিডিও স্ট্রিমিংয়ের সবচেয়ে জনপ্রিয় সাইট ইউটিউবের আইফোন অ্যাপ্লিকেশনও অত্যন্ত জনপ্রিয়। এই অ্যাপ্লিকেশন ব্যবহার করে ভিডিও স্ট্রিমিং যেমন সহজ, তেমনি ভিডিও শেয়ারিংও সহজ। ৫. স্কাইপ ভিডিও কলিং এবং ইন্সট্যান্ট ম্যাসেজিং অ্যাপ্লিকেশন স্কাইপ আইফোনে অত্যন্ত জনপ্রিয়। বিশেষত উন্নত বিশ্বের দেশগুলোতে স্কাইপ থেকে মোবাইল ফোন বা ল্যান্ডফোনে কল করার সুবিধা একে দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য অংশে পরিণত করেছে। আমাদের দেশেও স্কাইপ অত্যন্ত জনপ্রিয়। ৬. ওয়ার্ডস উইথ ফ্রেন্ডস ফ্রি কাজের অ্যাপ্লিকেশনগুলোর ভিড়ে গেমও স্থান করে নিতে পারেনি প্রথম পাঁচে। ছয় নম্বরে এসে প্রথম যে গেমটি স্থান করে নিয়েছে বেশি ডাউনলোডের তালিকায়, তার নাম ওয়ার্ডস উইথ ফ্রেন্ডস ফ্রি। জিংগার তৈরি শব্দ তৈরির এই খেলাটি সময় কাটানোর জন্য আইফোন ব্যবহারকারীদের অন্যতম প্রধান একটি মাধ্যমে পরিণত হয়েছে। ৭. দ্য ওয়েদার চ্যানেল আবহাওয়ার পূর্বাভাস জানার জন্য দ্য ওয়েদার চ্যানেল জনপ্রিয় সবার কাছেই। এর আইফোন অ্যাপ্লিকেশনটিও সমান জনপ্রিয়। ঝড়-বৃষ্টির সম্ভাবনার খবর জানানোর অ্যাপ্লিকেশনটি যথেষ্ট কার্যকর। ৮. টুইটার মাইক্রোব্লগিংয়ের জনপ্রিয় সাইট টুইটারের আইফোন অ্যাপ্লিকেশনটি সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া বিনামূল্যের অ্যাপ্লিকেশনের তালিকায় রয়েছে অষ্টমে। ইন্টারফেসের দিক থেকে এটিও আইফোন ব্যবহারকারীদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। ৯. টেম্পল রান শীর্ষ দশ বিনামূল্যের অ্যাপ্লিকেশনে দ্বিতীয় গেম টেম্পল রান। সিঙ্গেল প্লেয়ার এই গেমটি যথেষ্টই উত্তেজনাকর। বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য তৈরি গেমটি আইফোনে অত্যন্ত জনপ্রিয়। ১০. গুগল সার্চ আইফোনের জন্য তৈরি বিভিন্ন ওয়েব ব্রাউজার থেকে গুগলে সার্চ করা গেলেও গুগল সার্চের অ্যাপ্লিকেশনটিই বেশিরভাগ আইফোন গ্রাহক ব্যবহার করে থাকেন। তুলনামূলকভাবে এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করেই সার্চ করা সহজ।