ইউনিক্সের জন্য ‘মেক’ সফটওয়্যারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সফটওয়্যারটির স্রষ্টা হিসেবে বিখ্যাত হয়ে রয়েছেন স্টুয়ার্ট ফেল্ডম্যান। শিক্ষাজীবনে তিনি অ্যাস্ট্রোফিজিক্যাল সায়েন্স বিষয়ে ব্যাচেলর অব আর্টস ডিগ্রি লাভ করেন প্রিন্সটন ইউনিভার্সিটি থেকে। পরে তিনি ম্যাসাচুস্টে ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) থেকে ফলিত গণিত বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন। ইউনিক্সের ‘মেক’ প্রোগ্রামই কেবল নয়, বেল ল্যাবরেটরির যে গবেষক দলটি ইউনিক্স অপারেটিং সিস্টেম তৈরি করে, তার অন্যতম একজন গুরুত্বপূর্ণ সদস্য তিনি। প্রথম ফোরট্রান ৭৭ কম্পাইলারের লেখকও তিনি। বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান আইবিএম-এর গবেষণা অংশের কম্পিউটার সায়েন্সের ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত ছিলেন তিনি। ২০০৬ সালে তিনি এসিএম-এর প্রেসিডেন্টও নির্বাচিত হন। ফেল্ডম্যান একজন আইট্রিপলই ফেলো। ২০০৩ সালে তাকে এসিএম-এর পক্ষ থেকে সফটওয়্যার সিস্টেম অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
