টেলিটকের অপহূত পাঁচ কর্মীর আট দিনেও খোঁজ মেলেনি

আপডেট : ১৬ জুলাই ২০১৩, ২২:৩৬
বাঘাইছড়ি থেকে অপহূত টেলিটকের ঠিকাদারি প্রতিষ্ঠান বি-টেকনোলজির পাঁচ কর্মীর খোঁজ আট দিনেও মেলেনি। পুলিশ, সেনাবাহিনী ও বিজিবির ১২টি দল দুর্গম পাহাড়ী এলাকায় অভিযান চালিয়ে যাচ্ছে। এদিকে, আট দিনেও অপহূত ব্যক্তিদের সন্ধান না পাওয়ায় উদ্বেগ-উত্কণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে তাদের স্বজনেরা। এ প্রসঙ্গে রাঙ্গামাটির পুলিশ সুপার আমেনা বেগম জানান, অপহরণকারী তিনজনকে শনাক্ত করা হয়েছে। কিন্তু অপহরণকারীরা প্রতিনিয়ত স্থান পরিবর্তন করায় তাদের অবস্থান নির্ণয় করা সম্ভব হচ্ছে না। তিনি আরো বলেন, অপহরণকারীরা অত্যাধুনিক একে ৪৭ রাইফেল নিয়ে তাদের অপহরণ করে। পুলিশ নিয়মিত তথ্য সংগ্রহ করছে। অপহরণের ঘটনাস্থল বাঘাইছড়ি পরিদর্শনে যাবেন বলে তিনি জানান। গত ৮ জুলাই রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা বারিবিন্দু ঘাটে টেলিটকের টাওয়ারে ত্রুটি মেরামতের কাজ শেষ করে ফেরার পথে বি-টেকনোলজির পাঁচ কর্মীকে অপহরণ করা হয়। অপহূত কর্মীরা হলেন টেলিটকের প্রকৌশলী মো. আক্তার হোসেন, টেকনিশিয়ান মো. হেমায়াত হোসেন ও মো. ইমরুল হোসেন, সুপারভাইজার সুজাউদ্দিন ও মো. মুজিবুর রহমান। রাঙ্গামাটি জেলা প্রশাসক মোস্তফা কামাল জানান, অপহূতদের উদ্ধারে খাগড়াছড়ি সেনা ব্রিগেডের তত্ত্বাবধানে পাহাড়ী এলাকায় উদ্ধার অভিযান চলছে। কিন্তু সুনির্দিষ্ট কোন তথ্য না থাকায় এখনো সাফল্য আসছে না বলে জানান তিনি। তিনি বলেন, এ ঘটনায় পাহাড়ের আঞ্চলিক বিভিন্ন সংগঠনের সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে। কিন্তু তাদের কেউ এ ঘটনার সঙ্গে জড়িত নয় বলে তারা জানিয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলও জানিয়েছে অপহূতদের উদ্ধারে প্রশাসনকে সাহায্য করবে বলে তিনি জানান।