শায়েস্তাগঞ্জে আমনের বাম্পার ফলন

আপডেট : ২৭ নভেম্বর ২০১৮, ২২:১৫

শায়েস্তাগঞ্জের দিগন্তজুড়ে এখন সোনালী আভা। সেই সাথে কৃষাণ-কৃষাণির চোখে-মুখে আনন্দের ঝিলিক। কিছু দিনের মধ্যেই গোলায় ধান উঠার কাজ  হয়ে যাবে। এমন আশায় বুক বেঁধে আছেন কৃষকরা। ইতোমধ্যে শায়েস্তাগঞ্জে আমন ধান কাটা প্রায় শেষ পর্যায়ে। উপজেলার সর্বত্র রোপা আমনের      বাম্পার ফলন আশা করছেন কৃষকরা। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বিভিন্ন এলাকাজুড়ে আমন ধানের এমন ফলনে এ বছর কৃষকের চোখে-মুখে হাসি ফুটেছে। লক্ষ্যমাত্রা অতিক্রম করে প্রতি হেক্টরে এবার সাড়ে ৪ থেকে ৫ টন ধান উত্পাদিত হয়েছে।

জানা যায়, আবহাওয়া অনুকূলে, রোগ বালাই ও পোকা-মাকড় দমন             করায় ভালো ফলন পাওয়ার আশা করছেন কৃষকরা। সরেজমিন উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, কিছু কিছু এলাকায় কৃষক পাকা ধান কেটে   আঁটি বেঁধে নিয়ে আসছেন। কেউ কেউ মাড়াইয়ের কাজ করছেন। আবার অনেকে ধান সিদ্ধ দিচ্ছেন। কৃষকরা জানান, এ বছর বেশি বৃষ্টি হওয়াতে ও যথাসময়ে জমিতে সার দিতে পারায় ধানের ফলন আগের তুলনায় অনেক    বেশি হয়েছে। এবার আমন ধানের ফলন ভাল হওয়ায় ধান চাষ লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে।

শায়েস্তাগঞ্জে উপজেলা কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, উপজেলায় এ বছর ৮ হাজার ২শ হেক্টর জমিতে রোপা আমন ধান উত্পাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু লক্ষ্যমাত্রার চেয়ে ফলন ভাল হওয়ায় এবার ১১ হাজার ২ শত ৫০ হেক্টর লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। প্রতি হেক্টরে সাড়ে ৪ থেকে ৫ টন ধান উত্পাদিত হয়েছে। এবার আশার চেয়ে ও ফলন অনেক ভাল হয়েছে। কৃষকের মুখে ফুটে উঠেছে হাসির ঝিলিক।