ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন জাতীয় সংসদে একাত্তর সালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতের সাবেক আমির গোলাম আযমের সর্বোচ্চ শাস্তি ফাঁসির জন্য সরকারকে আপিল করার অনুরোধ করেছেন।
গতকাল মঙ্গলবার দুপুরে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হলে মেনন পয়েন্ট অব অর্ডারে ফ্লোর নিয়ে এ অনুরোধ জানান। তিনি বলেন, বয়স ও স্বাস্থ্যগত সমস্যা দেখিয়ে গোলাম আযমের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি ফাঁসি না দিয়ে ৯০ বছরের জেল দেয়ায় আমি হতাশ হয়েছি। গোলাম আযম মুক্তিযুদ্ধের সময় বিরোধিতা করেছেন। তার পরামর্শে অনেক নারী, শিশু ও বৃদ্ধকে হত্যা করা হয়েছে। তাদেরকে হত্যার সময় বয়স ও মানবতার বিষয়টি বিবেচনা করা হয়নি।
মেনন বলেন, আমি অবাক হয়ে লক্ষ্য করলাম গোলাম আযমের বিরুদ্ধে রায়ের ক্ষেত্রে মানবতা দেখানো হলো। বিশ্বের ইতিহাসে এমন নজির রয়েছে কি না আমার জানা নেই। সরকার শুরু থেকে যুদ্ধাপরাধীদের বিচার করবে বলে ঘোষণা দিয়ে এসেছে। সবকিছু দেখে মনে হচ্ছে সরকার যুদ্ধাপরাধীদের বিচারের শেষদিকে এসে হোঁচট খেয়ে গেলো। এ রায় নিয়ে এরই মধ্যে প্রশ্ন উত্থাপন করা হয়েছে। তিনি বলেন, সরকার অবিলম্বে গোলাম আযমের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির জন্য আপিল করবে আমরা তা শুনতে চাই।
