ক্যারিয়ার জিজ্ঞাসা?

আপডেট : ১৭ জুলাই ২০১৩, ২০:৩৫
প্রশ্ন : আমি বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি কলেজে অর্থনীতি বিভাগে পড়ালেখা করছি। ভবিষ্যতে আমি ব্যাংকে ক্যারিয়ার গড়তে চাই। আমি কি ব্যাংকে আমার ক্যারিয়ার গড়তে পারব? ব্যাংকে ক্যারিয়ার গড়ে তুলতে হলে আমাকে কি কোনো কোর্স করতে হবে? ব্যাংকের চাকুরি পেতে আমি কী ধরনের পড়ালেখা করতে পারি? মো. রাকিবুল ইসলাম সোনাতলা, বগুড়া। উত্তর :আমাদের দেশের প্রেক্ষিতে বিবেচনা করলে ব্যাংকের ক্যারিয়ারকে প্রথম সারির ক্যারিয়ার হিসেবেই গণ্য করা হয়। যেকোনো বিভাগ থেকে পড়ালেখা করেই ব্যাংকের চাকরির জন্য আবেদন করার সুযোগ রয়েছে। আর বিভিন্ন বিষয় থেকে উত্তীর্ণদের ব্যাংকে চাকরি পাওয়ার হারও কম নয়। কাজেই আপনার পড়ালেখার বিষয় ব্যাংকে চাকরি পাওয়ার জন্য কোনো বাঁধা নয়। বিশেষ করে সরকারি ব্যাংকের জন্য এই কথা বেশি প্রযোজ্য। বেসরকারি ব্যাংকগুলোতে অবশ্য কিছু কিছু বিষয়ে পড়ালেখার বাধ্যবাধকতা থাকে। তবে অর্থনীতি বিভাগে পড়ালেখা করে বাংলাদেশে যেকোনো ব্যাংকেই আবেদন করা যায়। ব্যাংকে ক্যারিয়ার গড়ার জন্য স্নাতক পাশ করার পর ‘বাংলাদেশ ইন্সটিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট’-এ ভর্তি হওয়া যায়। তবে সেখানে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এই পরীক্ষায় প্রতিযোগিতা হয় একটু বেশিই। তবে এখানে ভর্তি হতে পারলে আর ভবিষ্যত নিয়ে চিন্তা করতে হয় না। এর বাইরে ব্যাংকের চাকরির জন্য লিখিত পরীক্ষাগুলোতে উত্তীর্ণ হতে হলে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং গণিত বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে। সব ব্যাংকেই সাধারণত এসব বিষয়ের উপর প্রশ্ন করা হয়ে থাকে। তবে বেসরকারি ব্যাংকগুলোতে সাধারণ জ্ঞান, অ্যানালাইটিকাল অ্যাবিলিটি, ইংরেজি এবং গণিতে বেশি জোর দেওয়া হয়। সরকারি ব্যাংকগুলোতে আবার বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞানে জোর বেশি দিতে হয়। এসব বিষয় মাথায় রেখে এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করে দিতে পারেন। প্রিয় পাঠক, কোন বিষয়ে ক্যারিয়ার সম্ভাবনা কতটুকু ? পড়াশুনা শেষে কেমন হবে আপনার পেশা? অর্থাত্ ক্যারিয়ার গঠন সংক্রান্ত যেকোনো প্রশ্ন আমাদের কাছে লিখে পাঠাতে পারেন। চিঠি লেখার ঠিকানা :বিভাগীয় সম্পাদক, ক্যারিয়ার, দৈনিক ইত্তেফাক, ৪০ কারওয়ান বাজার, ঢাকা। ইমেইল : [email protected]