বিনোদন রিপোর্ট
টেলিভিশনে অনেক জনপ্রিয় তারকাদের এখন নিয়মিত দেখা যায় না। কিন্তু বিশেষ দিনগুলোতে একটি নাটক দিয়ে হলেও পর্দায় হাজির হোন অনেকে। তেমনই এবার রোজার ঈদে ছোটপর্দায় দেখা যাবে রিয়াজ ও অপি করিমকে। একই নাটকে জুটি হিসেবে দেখা যাবে তাদের। ‘সুইজারল্যান্ড’ শিরোনামে এই নাটকটি রচনা করেছেন মাসুম শাহরিয়ার ও পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। নাটকটি গল্পে দেখা যাবে হানিমুন করার জন্য অনেক দম্পতির পছন্দের জায়গা ‘সুইজারল্যান্ড’। ইউরোপের এই দেশে ভ্রমণ পিপাসু মানুষ প্রায়ই ভিড় করে। ঢাকার বিভিন্ন লোকেশনে এর শুটিং হয়েছে।
নাটকটি প্রসঙ্গে রিয়াজ বলেন, ‘নাটক আমার খুব বেশি করা হয় না। তবে ঈদ এলে বেশ কয়েকটি নাটকে আমাকে দেখা যায়। তবে সেগুলোর গল্পের দিকে অবশ্যই বেশ নজর থাকে। এই নাটকটিও তেমনই একটি গল্পে নির্মিত। একদিকে আমার সহশিল্পী অপি করিম। অন্যদিকে চয়নিকা চৌধুরীর নির্মাণে নাটকটি। সবকিছু মিলিয়ে ভালো একটি কাজ হয়েছে। রোমান্টিক একটি নাটক। দর্শকদের ভালো লাগবে সেই আশা থেকেই কাজটি করা।’
নির্মাতা চয়নিকা চৌধুরী বললেন, ‘প্রতি বছর বেশ কয়েকটি নাটক থাকলেও এবার বেশি নাটক থাকছে না। যেহেতু সিনেমার কাজ নিয়ে ব্যস্ত আছি। সিনেমার জায়গাটাও আমার জন্য নতুন। তাই কোনো কিছুতেই ছাড় দিতে চাচ্ছি না। গল্প থেকে শুরু করে সবকিছু নিয়ে বেশ গুছিয়ে কাজটি করতে চাচ্ছি। নাটকটি প্রসঙ্গে বলতে গেলে অবশ্যই গল্প নিয়ে বলতে হয়। রোমান্টিক একটি গল্পে নির্মিত হয়েছেন নাটকটি। আশা করি দর্শকদের ঈদের অবসরে বাড়তি আনন্দ যোগ করবে।
