মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া শহরের কুমারশীল মোড়ে আমীন কমপ্লেক্সের দি ল্যাব এইড শিশু ও জেনারেল হাসপাতালে চিকিত্সকের ভুল চিকিত্সায় শারমিন আক্তার নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। প্রসব হওয়া মেয়ে শিশুটি বেঁচে থাকলেও তার অবস্থা আশংকাজনক। জানা যায়, গত সোমবার বিকেলে সদর উপজেলার বেহাইর গ্রামের রুহুল আমীনের স্ত্রী শারমিন প্রসবজনিত কারণে ওই হাসপাতালে ভর্তি হন। রাতেই সদর হাসপাতালে গাইনী, প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ সার্জন ডা. শরীফ মাসুমা ইসমত অস্ত্রোপচারের পরামর্শ দেন এবং অস্ত্রোপচারের পর শারমিন আক্তার কন্যা শিশু জন্ম দেন। মঙ্গলবার সকালে ওষুধ ও ইনজেকশন দেয়ার পর তার অবস্থার অবনতি ঘটতে থাকে। সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়। মৃত্যুর পর ওই হাসপাতালের ডিউটি ডাক্তার, সেবিকা ও কর্মচারী এবং মালিকপক্ষ হাসপাতাল ছেড়ে পালিয়ে যান। পরে নিহতের আত্মীয়-স্বজন ও বিক্ষুব্ধ লোকজন হাসপাতালের অভ্যর্থনা কক্ষ, ওয়ার্ড মাস্টার, সেবিকা, অস্ত্রোপচার ও অফিস কক্ষের জানালা ও আসবাবপত্র ব্যাপক ভাংচুর চালায়। খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
