প্রথম ম্যাচের ব্যর্থতার পর পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেই ফিরে আসলো স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তান আবারো তাদের পুরনো হতাশাজনক পারফরমেন্সে ফিরে আসায় গায়ানার জাতীয় স্টেডিয়ামে গতকাল ওয়েস্ট ইন্ডিজ ৩৭ রানে জয়ী হয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-১ ব্যবধানে সমতা ফিরিয়েছে। প্রথম ওয়ানডেতে স্বাগতিকরা ১২৬ রানে পাকিস্তানের কাছে বিধ্বস্ত হয়েছিল।
ব্রাভো ভাইদের আত্মবিশ্বাসী ব্যাটিংয়েই ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেটে ২৩২ রান সংগ্রহ করে। ইনিংসের প্রথম ওভারেই পাকিস্তানের বাঁহাতি ফাস্ট বোলার ইরফান পাঠানের শিকার হয়ে ক্রিস গেইল সাজঘরে ফেরত গেলে দলকে চাপমুক্ত করেন ড্যারেন ও ডুয়াইন ব্রাভো। দুইদিন আগে ১২৬ রানের বিশাল পরাজয়ের পরে পাকিস্তানকে ৪৭.৫ ওভারে ১৯৫ রানে গুটিয়ে দিয়ে ওয়েস্ট ইন্ডিজ স্বস্তিদায়ক জয় তুলে নিয়েছে। আগের দিনের বৃষ্টির কারণে বোলার সহায়ক উইকেটে ক্যারিবীয় বোলারদের কাছ থেকে যা আশা করা হয়েছিল সেদিক থেকে তারা শতভাগ সফল ছিল।
২৩৩ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে পাকিস্তানের শুরুটা ভাল না হলেও অধিনায়ক মিসবাহ-উল-হক এবং ওপেনার নাসির জামশেদ বেশ ধৈর্যের সাথেই ইনিংসকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। এর মধ্যে জামশেদ ৯৩ বলে ৪টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সহায়তায় ক্যারিয়ারের অষ্টম অর্ধশতক তুলে নিলেও মিসবাহ তার চরিত্রের বাইরে গিয়ে ড্যারেন স্যামির বলে বাজেভাবে বোল্ড হয়ে উইকেট বিলিয়ে দিয়ে আসলে দলীয় স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ১০৩। সেই সাথে ক্যারিয়ারের শততম ওয়ানডেতে ক্যারিবীয় অল রাউন্ডার স্যামি ৭২তম উইকেট তুলে নেন।
এই উইকেটের পরে মূলত পাকিস্তানী ব্যাটসম্যানরা আর দাঁড়াতেই পারেননি। এর জন্য অবশ্য ক্যারিবীয় তারকা স্পিনার সুনীল নারিনের ফর্মে ফেরাই দায়ী। ২৬ রানে ৪ উইকেট দখল করে তিনি পাকিস্তানের মিডল অর্ডার ভেঙ্গে দেবার পাশাপাশি দলীয় জয়ে মুখ্য ভূমিকা পালন করে হয়েছেন ম্যাচ সেরা। পাকিস্তানের পক্ষে শেষের দিকে উইকেটরক্ষক-ব্যাটসম্যান উমর আকমল ৪৬ বলে ৫টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সহায়তায় ৫০ রান তুললেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না।
এর আগে ড্যারেন ব্রাভোর ৫৪ রানের দারুণ এক ইনিংস এবং পরে অধিনায়ক ডুয়াইন ব্রাভোর অপরাজিত ৪৩ রানের উপর ভর করে ওয়েস্ট ইন্ডিজ ২৩২ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে তুলে।
পরপর দুই বলে পাকিস্তানের শেষ দুটি উইকেট দখল করে দলকে জয় এনে দেয়া ডুয়াইন ব্রাভো ম্যাচ শেষে বলেছেন, পিচের প্রকৃতি বিবেচনায় আমি মনে করেছিলাম ২৩০-২৩৫ রান এখানে লড়াই করার মত স্কোর। আত্মবিশ্বাস ফিরে পাবার জন্য আমাদের এই জয়টা বেশ জরুরি ছিল। একইসাথে সমর্থকদের কথাও আমাদের ভুলে গেলে চলবে না। গত রবিবার আমাদের বাজে পারফরমেন্সে তারা যে কতটা হতাশ হয়েছে তা সবাই দেখেছে।
প্রথম ম্যাচের জয়ের নায়ক শহীদ আফ্রিদি দুই উইকেট দখল করেছেন। দলের অপর স্পিনার সাইদ আজমলও দুই উইকেট পেয়েছেন। এই দুই স্পিনার মিলে প্রথম ম্যাচের মতই স্বাগতিকদের জন্য আবারো ভয়ঙ্কর হয়ে উঠার ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু ব্যাট হাতে আফ্রিদী তার আগের ম্যাচের পারফরমেন্সের পুনরাবৃত্তি করতে পারেননি। ম্যাচ শেষে মিসবাহ বলেছেন, আমাদের বোলাররা উইকেটের আর্দ্রতা কাজে লাগাতে পারেনি। এরপর আমাদের ইনিংসে পিচ আরো বেশি ধীরগতির হয়ে যাওয়ায় বল নিচু হয়ে আসতে থাকে যা আমাদের ব্যাটসম্যানদের জন্য খুবই কঠিন হয়ে গিয়েছিল। সিরিজে সমতা নিয়ে দুই দল এখন সেন্ট লুসিয়ায় যাবে যেখানে সিরিজের বাকি তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। শুক্রবার থেকে সেন্ট লুসিয়ায় ম্যাচগুলো শুরু হচ্ছে। এর পরপরই ২৭ ও ২৮ জুলাই সেন্ট ভিনসেন্টে দুটি টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে পাকিস্তান তাদের ক্যারিবীয় সফর শেষ করবে। -বাসস/এএফপি
