ফিরছেন হিঙ্গিস

আপডেট : ১৭ জুলাই ২০১৩, ২১:৫৩
মহিলা এককের সাবেক বিশ্বসেরা মার্টিনা হিঙ্গিস আবারো ফিরছেন প্রতিযোগিতামূলক টেনিসে। আমেরিকার ক্যালিফোর্নিয়ায় এমাসের ২৯ তারিখ থেকে শুরু হতে যাওয়া সাউদার্ন ক্যালিফোর্নিয়া ওপেনের দ্বৈত বিভাগে অংশ নেবেন হিঙ্গিস। আর সেখানে এই সুইস তারকার সঙ্গী হবেন স্লোভাকিয়ার ড্যানিয়েলা হান্তুকোভা। প্রায় ছয় বছর আগে ২০০৭ সালে দ্বিতীয়বারের মতো টেনিসকে বিদায় জানানোর পর এটা হবে হিঙ্গিসের প্রথম প্রত্যাবর্তন। একক বিভাগে পাঁচটি এবং দ্বৈত বিভাগে নয়টি গ্র্যান্ডস্ল্যাম শিরোপা জয়ী হিঙ্গিস রোমাঞ্চিত আবারো আন্তর্জাতিক টেনিসে ফিরতে পেরে। ৩২ বছর বয়সী এই তারকা বলেন, ‘সাউদার্ন ক্যালিফোর্নিয়া ওপেনের মাধ্যমে প্রতিযোগিতামূলক টেনিসে ফিরতে আমার তর সইছে না। একক এবং দ্বৈত বিভাগে আমি এখানে শিরোপা জিতেছি।’ এখনো আন্তর্জাতিক অঙ্গনে খেলার যোগ্যতা আছে দাবি করে হিঙ্গিস আরো বলেন, ‘ওয়ার্ল্ড টিম টেনিসে অংশ নেয়ার পর এই মুহূর্তে আমি খুবই ভালো বোধ করছি। আমার প্রতিযোগিতামূলক মানসিকতায়ও কোন ঘাটতি নেই এবং কোর্টে খেলতে আমি এখনো আগের মতোই ভালোবাসি।’