জাতীয় ফুটবল দল নিয়ে দিন রাত মাথা ঘামাচ্ছেন ডাচ কোচ লুডভিক ডি ক্রুইফ। খেলোয়াড়দের নিয়ে তার যেন দুশ্চিন্তার শেষ নেই। কিভাবে দল ভালো খেলবে তা নিয়ে প্রতিনিয়ত কাজ করছেন। কিন্তু সন্তুষ্ট হতে পারছেন না। বুঝতে পারছেন তৃপ্তির ঢেকুর তোলার মতো এমন কিছু হয়নি। তারপরও আশার কথা হচ্ছে দলের খেলোয়াড়দের উন্নতির গ্রাফটা ভালো মনে করছেন ক্রুইফ। তবে একথাও বলেছেন, এখনও অনেক দূর যেতে হবে।’
গতকাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিজেএমসির বিরুদ্ধে আরো একটি অনুশীলন ম্যাচ খেলেছে ক্রুইফের দল। ম্যাচের শুরু থেকেই ক্রুইফ ডাগ আউটে খেলোয়াড়দের পাশে বুকে হাত ভাঁজ করে বসে ছিলেন। আর পাশের ডাগ আউটে বিজেএমসির ফুটবল কর্মকর্তা আরিফ খান জয় সারাক্ষণ লাইনের পাশে দাঁড়িয়ে তার দলের খেলোয়াড়দের পরামর্শ দিচ্ছিলেন। চিত্কার করে ভুল ধরিয়ে দিচ্ছিলেন। ‘উপরে উঠো, নিচে নামো।’ তার দলেরও ভালো প্রস্তুতি দরকার। কারণ বিজেএমসি ভুটান যাবে টুর্নামেন্ট খেলতে। শেষ পর্যন্ত জাতীয় দলের বিরুদ্ধে জেতা হয়নি বিজেএমসির। জাতীয় দল ম্যাচ জিতেছে ৩-০ গোলে, যার দুটি ওয়াহেদের একটি এমিলির।
ক্রুইফের দল ২৭ জুলাই থাইল্যান্ড যাবে। তার আগ পর্যন্ত চূড়ান্ত দল ঘোষণা করছেন বলে মনে হয় না। কারণ থাইল্যান্ড যাওয়ার আগ পর্যন্ত দলটাকে আরো পরখ করতে চান তিনি। ক্রুইফের চোখে প্রতিদিনই খেলোয়াড়দের কিছু উন্নতি ধরা পড়ছে। তার ছেলেরা ভালো করছে। আর তাতে সন্তুষ্টও হচ্ছেন তিনি। কিন্তু এটাই শেষ না। দলকে ভালো খেলতে হলে আরো উন্নতি করা প্রয়োজন বলে জানিয়েছেন ক্রুইফ। ইনজুরিতে থাকা জাহিদ, রনি ম্যাচে ফিরেছেন বলে দারুণ খুশি ক্রুইফ। মোবারক সম্পর্কেও তার মন্তব্য বেশ ভালো। মোবারক এবং জাহিদের পজিশন একই। গতকাল মোবারক মাঠে নামার পর আক্রমণ বেড়েছিল জাতীয় দলের। গোল হয়েছে ম্যাচও জিতেছে তারা। ক্রুইফ তো মোবারক সম্পর্কে বললেন, ওতো ফুটবল খেলে হূদয় দিয়ে, মাথা দিয়ে নয়। কথাটা হাসতে হাসতে বললেন ক্রুইফ। বললেন, মোবারকের ড্রিবলিং আছে। পাওয়ার আছে।’ রক্ষণভাগ নিয়ে দুর্ভাবনা আছে কোচের। গতকাল বিজেএমসির বিরুদ্ধে দুই তিনবার রক্ষণ ভাগ ফাঁকা হয়ে গিয়েছিল। ভাগ্য ভালো বিজেএমসি সুযোগ কাজে লাগাতে পারেনি। কিন্তু এটা মনে করিয়ে দিয়েছে রক্ষণভাগ নিয়ে ভাবতে হবে বলে মনে করছেন কোচ। সার্বিক পারফরম্যান্স দেখে খুশি না ক্রুইফ। কথাটা নিজেই বললেন, আমি খুশি না। কারণ আমি মনে করি এই দল নিয়ে এখনও অনেক দূরে যেতে হবে।’ জাতীয় দলের ক্যাম্পে এখন ২৬ জন ফুটবলার রয়েছেন। চূড়ান্ত দল ঘোষণায় আরো সময় নিতে চান ক্রুইফ। এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ক্রুইফ বলেন, ওরা নিজেদের জায়গা পাওয়ার জন্য লড়ছে। তাদের চেষ্টা করতে দাও।’ দলে চার গোলকিপার রয়েছেন বিপ্লব, মামুন খান, সোহেল এবং জিয়া। এই চারজন প্রসঙ্গে ক্রুইফ এখনই সিদ্ধান্ত নিতে চান না। নেপালে অষ্টম সাফ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে ১-১১ সেপ্টেম্বর।
