ক্রিকেটকে বলা হয় ‘গৌরবময় অনিশ্চয়তার খেলা’। ক্রিকেটারদের জীবনটাও তেমনই। উত্থান আসতে যেমন সময় নেয় না, ঠিক তেমনি পতনও আসে হুট করে। তাই ভাগ্যের পরিহাসে এক সময়ের তারকা ক্রিকেটারদেরও হতে হয় পথের ভিখারী। অনেকটা এমনই এক অবস্থার সামনে দাঁড়িয়ে আছেন নিউজিল্যান্ডের ম্যাথু সিনক্লেয়ার।
ক্রিকেট ভক্তদের কাছে নামটা তেমন পরিচিত নয়। দলে অনিয়মিত হয়ে পড়ায় এখনকার সমর্থকদের তাকে না চেনারই কথা। তবে অভিষেকেই ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছিলেন নিউজিল্যান্ডের এই ব্যাটসম্যান। কিউইদের হয়ে মাত্র ৩৩ টেস্ট খেলে অনেকটা বাধ্য হয়েই সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের এই তারকা।
ক্রিকেট থেকে যা আয় করেন তা দিয়ে স্ত্রী টিমা, ৪ বছর বয়সী পুত্র লিয়াম আর তিন বছর বয়সী কন্যা হোলিকে নিয়ে জীবনধারণ করা আর সম্ভব হয়ে উঠছে না সিনক্লেয়ারের। উন্নত জীবনের আশায় তাই সব ধরনের ক্রিকেট ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি, ‘সত্যি কথা শুনতে সব সময় ভাল লাগে না; কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে এটাই সত্যি। এমন একটি সিদ্ধান্ত নেয়া আমার জন্য সত্যি অনেক কষ্টকর ছিল। এখন আমার বয়স মাত্র ৩৮। আমি চাইছিলাম আরও কিছুদিন খেলা চালিয়ে যেতে। কিন্তু সেটা আর সম্ভব হলো না। এখন আমি অর্থবহ কোন কাজ খুঁজে পাওয়ার চেষ্টা করবো।’
১৮ মৌসুম ধরে প্রথম শ্রেণির ক্রিকেটে সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের হয়ে খেলছেন সিনক্লেয়ার। সব ধরনের ফরম্যাটে ১৫ হাজার রান করে দলের সর্বকালের শীর্ষ রান সংগ্রহকারী ৩৭ বছর বয়সী এই ব্যাটসম্যান। গত মৌসুমে প্লাঙ্কেট শিল্ডের হয়ে ৪০.৩৭ গড়ে ৬৪৬ রানের অসাধারণ পারফরমেন্স করেছেন।
ঘরোয়া লিগে নিয়মিত খেললেও আন্তর্জাতিক ক্রিকেটে হারিয়ে যাওয়া তারকা। ১৯৯৯ সালের ডিসেম্বরে ওয়েলিংটনে অভিষেক টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২১৪ রান করে ক্রিকেট বিশ্বকে চমকে দেয়া সিনক্লেয়ার ১১ বছরে খেলেছেন মাত্র ৩৩ টেস্ট। অভিষেক টেস্টে আর কোনো কিউই ব্যাটসম্যান তাকে ছাড়িয়ে যেতে পারেননি।
আরেকটি ডাবল সেঞ্চুরি পেতে সিনক্লেয়ারের সময় লেগেছিল দু’বছরেরও কম। পাকিস্তানের বিপক্ষে দারুণ ওই ইনিংস খেলার পর আন্তর্জাতিক মঞ্চে অনিয়মিত হয়ে পড়েন অস্ট্রেলীয় বংশোদ্ভূত এই ব্যাটসম্যান। সর্বশেষ টেস্ট খেলেছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০১০ সালে হ্যামিল্টনে, সেবার সুযোগ মিলেছিল দু’বছর পর। কিউইদের রঙিন জার্সি গায়ে খেলেছেন ৫৪ ওয়ানডে ও মাত্র দুটি টি-টোয়েন্টি। তবে আটটি ঘরোয়া শিরোপা জিতে সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের কিংবদন্তীতুল্য হয়ে গেছেন সিনক্লেয়ার। বেশ চিন্তা-ভাবনা করে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের হয়ে রেকর্ড ২৭টি প্রথম শ্রেণির শতক হাঁকানো ডানহাতি এই ব্যাটসম্যান, ‘গত মৌসুম শেষে কয়েক মাস চিন্তা করে আমি সিদ্ধান্ত নিয়েছি এখনই খেলোয়াড়ি জীবনের ইতিটানার সঠিক সময়। আমার ছোট দুই সন্তান ও স্ত্রীকে আরও বেশি সময় দিতে চাই।’
