মহিলা ক্লাব ক্রিকেটে গতকাল বুধবারের ম্যাচে জয় পেয়েছে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব। সিটি ক্লাব মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে নাজরীন নাহারের অলরাউন্ড পারফরম্যান্সে তারা ৪৩ রানে হারিয়েছে ওরিয়েন্ট স্পোর্টিং ক্লাবকে।
টসে জিতে ব্যাটিংয়ে নামা ভিক্টোরিয়া নির্ধারিত ৪০ ওভার শেষ হবার আগেই অল আউট হয় ১৪৪ রানে। নাজরীন দলের পক্ষে সর্বোচ্চ ২৮ রান করেন। ওরিয়েন্টের নাসরিন নাহার ১৯ রানের বিনিময়ে চারটি উইকেট লাভ করেন।
রান তাড়ায় নামা ওরিয়েন্ট ৩৬.৪ ওভারে গুটিয়ে যায় মাত্র ১০১ রানেই। তমালিকা সুমনা দলের পক্ষে সর্বোচ্চ ৩৪ রান করেন। অন্যদিকে নাজরীন দখল করেন তিনটি উইকেট। বিজয়ী দলের নাজরীন ম্যাচসেরা নির্বাচিত হন।
টুর্নামেন্টের আজকের দুটি ম্যাচে লড়বে গুলশান ইয়ুথ ক্লাব-খেলাঘর সমাজ কল্যাণ সমিতি এবং দিপালী যুব সংঘ-রাইজিং গার্লস ক্রিকেট একাডেমী। ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়াম এবং সিটি ক্লাব মাঠে খেলাগুলো অনুষ্ঠিত হবে।
