নিজ দলের সমর্থকদের কারণে আবাহনীকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা গুনতে হচ্ছে। কারণ সুপার কাপ ফুটবলে সেমিফাইনাল ম্যাচে শেখ রাসেলের বিরুদ্ধে আবাহনীর খেলায় অহেতুক উত্তেজনায় সমর্থকরা বিশৃংখলা সৃষ্টি করে। গ্যালারির সমর্থকরা মাঠে ঢোকার চেষ্টা করে ইট পাটকেল নিক্ষেপ করে মাঠে। এমনকি এই ম্যাচের দিন প্রেসবক্সেও আক্রমণ করে আবাহনীর সমর্থকরা। আহত হয়েছেন সাংবাদিকরা। সেদিনের ঘটনা নিয়ে গতকাল সভায় বসেছিল বাফুফের ডিসিপ্লিনারি অ্যাকশন কমিটি। সব কিছু পর্যালোচনা করে কমিটি আবাহনীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে।
সমর্থকদের কারণে আবাহনীকে আন্তর্জাতিক ম্যাচেও জরিমানা গুনতে হয়েছিল। ঢাকায় এএফসির টুর্নামেন্টে আবাহনী গ্যালারি থেকে পানির বোতল ছুঁড়ে মারার কারণে আর্থিক জরিমানা করা হয়।
