নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের পোনাব এলাকায় এশিয়ান টাউন নামের একটি আবাসন প্রকল্পে বুধবার দুপুরে স্থানীয় সন্ত্রাসীরা এসে চাঁদার দাবিতে বালু ভরাট কাজ বন্ধ করে দেয়। এ সময় বাধা দিলে প্রকল্পের শ্রমিক কাজল মিয়া ও মামুন মিয়াকে পিটিয়ে আহত করে সন্ত্রাসীরা। পরে এলাকার শত শত লোকজন ধাওয়া দিয়ে সন্ত্রাসীদের আটকের পর গণধোলাই দেয়।
এশিয়ান টাউনের প্রকল্প পরিচালক মো. কাউসার হোসেন ভুঁইয়া জানান, গোলাকান্দাইল ইউনিয়নের বলাইখা গ্রামের লোকমান হোসেনের ছেলে আল আমিন (২৮), মাহনা গ্রামের নূরুল ইসলামের ছেলে গোলাম রাসেল (৩৫), তারু মেম্বারের ছেলে সজল (৩৮), আব্দুর রউফের ছেলে ইলিয়াছ (৩০), আমলাব গ্রামের কাজী নাসিরউদ্দিনের ছেলে আলম (২৭) কয়েকদিন ধরে কোম্পানির কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সেখানে হামলা চালায়। আহত দুই শ্রমিককে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রূপগঞ্জ থানার ওসি আসাদুজ্জামান মীর জানান, এ ব্যাপারে এশিয়ান টাউন আবাসন প্রকল্পের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
