গুঞ্জনটা অনেকদিন ধরে শোনা গেলেও ইংলিশ ক্লাব চেলসির পক্ষ থেকে অফিশিয়াল কোন বক্তব্য পাওয়া যাচ্ছিল না। তবে, এতোদিনে এসে প্রথমবারের মতো ওয়েন রুনির প্রতি ক্লাবের আগ্রহের কথা জানালেন দলের কোচ হোসে মরিনহো। পর্তুগীজ এই কোচ জানান, এরই মধ্যে ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের এই স্ট্রাইকারকে দলে নেয়ার জন্য দর কষাকষি শুরু করেছে।
কদিন আগেই পুরনো ক্লাব চেলসিতে যোগ দেয়া হোসে মরিনহো গতকাল ব্যাংককে প্রাক মৌসুম প্রস্তুতিমূলক সফরে এক সংবাদ সম্মেলনে জানান, এই গ্রীষ্মে চেলসির একমাত্র লক্ষ্য ইংলিশ স্ট্রাইকার ওয়েন রুনি। এরই মধ্যে রুনির জন্য দর ঘোষণা করেছে ব্লুজ দলটি। কিন্তু ‘রুনি বিক্রয়ের জন্য নয়’ এমন কথা বলে তাদের প্রথম দরকে প্রত্যাখ্যান করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। রুনি নিজেও জানিয়েছেন ক্লাব পরিবর্তনের কোন ইচ্ছা তার নেই।
গত মৌসুমের ইউরোপা লিগ জয়ী চেলসি দল বর্তমানে প্রাক মৌসুম প্রস্তুতির অংশ হিসেবে অবস্থান করছেন এশিয়ার দেশ থাইল্যান্ডে। গত বুধবার রাতে এক প্রদর্শনী ম্যাচে তারা সিংঘা অল স্টার দলের মুখোমুখি হয়। ম্যাচটিতে রোমেলু লুকাকু’র দেয়া একমাত্র গোলে ১-০ গোলে জয় পায় সফরকারীরা। আর এর ফলে জয় দিয়েই চেলসিতে পুনরায় যাত্রা শুরু করলেন সাবেক রিয়াল মাদ্রিদ কোচ হোসে মরিনহো। এই ম্যাচের পরই সাংবাদিকদের কাছে রুনির ব্যাপারে নিজের মনোভাব স্পষ্ট করে দিলেন মরিনহো, ‘অবস্থাটা এখন সবার কাছেই পরিষ্কার। কোন কিছুই আর গোপন নেই। আমরা যা করেছি সব অফিশিয়ালিই করা হয়েছে, সুনির্দিষ্ট নীতিমালায় স্বচ্ছতার সাথে করা হয়েছে। এর থেকে বেশি কিছু বলার নেই, বেশি কিছু করারও নেই। আমাদের দরকার খেলোয়াড়, তাই আমরা দর ঘোষণা করেছি। এর থেকে বেশি কিছু আর বলার নেই।’
ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে আলোচনার ব্যাপারটি স্বীকার করে কোচ বলেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে আমাদের কথা হয়েছে। কিন্তু তার প্রতি যথেষ্ট শ্রদ্ধা আছে বলেই নৈতিকতার খাতিরে এই ব্যাপারে আমি কোন কিছু বলতে পারছি না। এখন থেকে আমি ওয়েন রুনির ব্যাপারে আর কোন কথাই বলবো না। কারণ, সবাই জানে আমরা তাকে দলে নিতে চাইছি। আর এখন এই সিদ্ধান্তটা পুরোটাই ক্লাব ও খেলোয়াড়ের নিজস্ব ব্যাপার।’ রুনি ছাড়া আর কোন খেলোয়াড়ের জন্য চেলসি চেষ্টা করছে কি না এমন প্রশ্নের জবাবে মরিনহো বলেন, ‘না, আমরা আর কাউকেই চাইছি না। হয় রুনি না হয় কেউ না!’
এর আগে কয়েকটি ব্রিটিশ গণমাধ্যম জানিয়েছিল, রুনিকে পাওয়ার জন্য প্রয়োজন হলে স্প্যানিশ মিডফিল্ডার হুয়ান মাতা কিংবা ব্রাজিলিয়ান মিডফিল্ডার ডেভিড লুইজকে ছাড়তে প্রস্তুত চেলসি। তবে এমন সম্ভাবনার কথা উড়িয়ে দিলেন মরিনহো। মাত্র এক মৌসুম আগেই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ী দলটির বর্তমান কোচ বলেন, ‘না, আমরা এমন কিছু ভাবছি না। ডেভিড (লুইজ), (হুয়ান) মাতা; এদের কেউই আমাদের দরের অন্তর্ভুক্ত নয়। আর আমরা কি দর ঘোষণা করেছি সেটা নিয়ে এই মুহূর্তে আমি সবার সামনে আলোচনা করতে চাচ্ছি না। এই মুহূর্তে এটা গোপন থাকাই ভাল।’ ‘বলবো না, বলবো না’ করেও শেষ পর্যন্ত দরের ব্যাপারে কিছুটা আভাস দিয়ে রাখলেন মরিনহো, ‘দরটা মূলত একটা নির্দিষ্ট পরিমাণ অর্থের। এর সাথে অন্য কোন খেলোয়াড়ের লেন দেন হবার সম্ভাবনা নেই। এখনও আমাদের সমঝোতা চলছে।’ কয়েকটি গণমাধ্যম বলছে এই অর্থের পরিমাণটা হতে যাচ্ছে ২০ মিলিয়ন ইউরো। শুধু চেলসিই নয়। ২৭ বছর বয়সী রুনিকে পাওয়ার দৌড়ে আছে প্রিমিয়ার লিগের আরেক দল আর্সেনাল। শুধু রুনিই নন, গানার কোচ আর্সেন ওয়েঙ্গারের নজরে আছেন লিভারপুলের লুইজ সুয়ারেজ ও রিয়াল মাদ্রিদের গঞ্জালো হিগুয়েন। আর্সেন ওয়েঙ্গার জানিয়েছেন ওয়েন রুনির সাপ্তাহিক পারিশ্রমিক দেয়ার সামর্থ্য তার ক্লাবের আছে। ইউনাইটেড থেকে প্রতি সপ্তাহে আড়াই লাখ ইউরো আয় করেন রুনি।
সাবেক কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনের বিদায়ের পরই রুনি’র দল ছাড়া নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল। এমনকি শোনা যায় যে, যাওয়ার সময় নাকি ফার্গি নিজেই রুনিকে দল ছাড়ার কথা বলেছিলেন।
