ক্রিকেটারদের পারিশ্রমিকের নিশ্চয়তা বাবদ ফ্র্যাঞ্চাইজি মালিকরা ব্যাংক গ্যারান্টি দিতে না পারায় এ বছরের শ্রীলংকা প্রিমিয়ার লিগ (এসএলপিএল) বাতিল করা হয়েছে। অথচ ১০ আগস্ট থেকে শুরু হওয়ার কথা ছিল প্রতিযোগিতার দ্বিতীয় আসরটি।
এ ব্যাপারে শ্রীলংকা ক্রিকেটের নির্বাহী কমিটি গত বুধবার এক বিবৃতি দেয়। এতে বলা হয়-‘শ্রীলংকা ক্রিকেট দু:খের সাথে জানাচ্ছে যে ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের ফি এবং বিশেষ করে খেলোয়াড়দের পারিশ্রমিকের নিশ্চয়তা বাবদ ব্যাংক গ্যারান্টি দিতে না পারায় এসএলপিএল ২০১৩ অনুষ্ঠিত হবে না। উদ্বোধনী আসরে এসএলপিএল ২২ লাখ ডলার আয় করেছিল। গেলবারের এই আসরে অর্ধশতাধিক বিদেশি খেলোয়াড় অংশ নেন। বাংলাদেশের তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লা রিয়াদ ও মোহাম্মদ আশরাফুল ছিলেন তাদের অন্যতম। এ সিদ্ধান্তের ফলে শ্রীলংকার ক্রিকেটের জন্য বছরটি ভাল যাবে না। কেননা তাদের হাতে বছরের অবশিষ্ট সময়ে অল্প কটি আন্তর্জাতিক সফর আছে। মজার ব্যাপার হলো এই এসএলপিএলকে সময় করে দিতেই বর্তমানে দক্ষিণ আফ্রিকা সফররত শ্রীলংকা দল সেখানে তিনটি টেস্ট বাতিল করে এর পরিবর্তে সাতটি ওয়ানডে খেলার ব্যবস্থা করেছিল।
