স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের পর এবার গ্যারেথ বেলের প্রতি আগ্রহ প্রকাশ করলেন ইংলিশ প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার ইউনাইটেড। প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন দলটি স্পেন অনূর্ধ্ব ২১ দল ও বার্সেলোনার থিয়াগো আলকানতারাকে দলে পাওয়ার জন্য চেষ্টা করে আসছিল। কিন্তু এর মধ্যেই নিশ্চিত হয়ে গেছে যে থিয়াগো ইংল্যান্ডে আসছেন না। সাবেক কোচ পেপ গার্দিওলার দলে যোগ দিয়েছেন তিনি। তাই এখন টটেনহ্যাম হটস্পারের তারকা গ্যারেথ বেলের দিকে হাত বাড়ালেন ডেভিড মোয়েস। কয়েকটি ব্রিটিশ গণমাধ্যম জানিয়েছে গ্যারেথ বেলের জন্য মোটা অংকের অর্থই খরচ করতে যাচ্ছে সাবেক এভারটন কোচ মোয়েস। সেই অংকটা হতে পারে প্রায় ৬০ মিলিয়ন ইউরো। আগে বেশ কিছুদিন ধরেই বেলের রিয়াল মাদ্রিদে যাওয়ার ব্যাপারে গুঞ্জন শোনা যাচ্ছিল। স্প্যানিশ জায়ান্টরাও চাইছে পর্তুগীজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর সাথে জুটি গড়ুক বেল।
