বল টেম্পারিং করেননি প্লাঙ্কেট

আপডেট : ১৩ মে ২০১৯, ২১:৩৫

সাউদাম্পটনে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ইংল্যান্ডের পেসার লিয়াম প্লাঙ্কেটের বিপক্ষে বল টেম্পারিংয়ের অভিযোগ উঠেছিলো। তবে সেই অভিযোগ নাকচ করে দিলো আইসিসি। দ্বিতীয় ওয়ানডের ভিডিও ফুটেজ নিয়ে বিভিন্ন পর্যালোচনা শুরু করে সংস্থাটি। পরে ঐ ম্যাচের ভিডিও খতিয়ে দেখে আইসিসি জানায়, ‘ম্যাচ রেফারি ও আম্পায়ারদের সঙ্গে আলোচনা করেছে আইসিসি। কিন্তু প্লাঙ্কেটের বিপক্ষে বল-বিকৃতির কোনো অভিযোগ দেননি তারা। এছাড়া ভিডিওতে কোনো প্রকারের বল বিকৃতির কিছুই লক্ষ্য করা যায়নি।’ দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানের ব্যাটিং ইনিংসের ৪২তম ওভারে আক্রমনে এসে প্লাঙ্কেট নখ দিয়ে বল ঘষা দিয়েছেন বলে সন্দেহ প্রকাশ করা হয়। কিন্তু ওভার শেষে  বলে কোনো পরিবর্তন লক্ষ্য করেননি অন-ফিল্ড আম্পায়ার। ম্যাচে দুই উইকেট পান প্লাঙ্কেট। ইংল্যান্ড ১২ রানে ম্যাচ জিতে নেয়।