বিপিএলকে দাবির তালিকা দিল গেম অন

আপডেট : ১৮ জুলাই ২০১৩, ২২:১২
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) কর্তৃপক্ষ ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান গেম অনের কাছে কতো টাকা পাবে, তা এর মাঝে প্রতিষ্ঠানটিকে জানিয়ে দিয়েছে। কিন্তু সেই জানিয়ে দেয়ার সভাতেই গেম অনের পক্ষ থেকে বলা হয়েছিল, তাদের কিছু দাবি-দাওয়া আছে; যার ফলে বিপিএল কর্তৃপক্ষের পাওনা কমবে। আর গতকাল আরেক দ্বিপাক্ষিক আলোচনায় গেম অন তাদের এই দাবি দাওয়া প্রমাণ সমেত জমা দিল বিপিএল গভর্নিং কাউন্সিলের কাছে। বিপিএল ও গেম অনের গতকালকের সভার ব্যাপারে বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান বা সদস্য সচিবকে ফোনে যোগাযোগ করে পাওয়া গেল না। তবে গেম অন স্পোর্টসের চেয়ারম্যান এনায়েতুর রহমান বাপ্পী বললেন, ‘আমরা আমাদের দাবিগুলো বিপিএলকে জানিয়েছি। সেই সঙ্গে দাবির পক্ষে প্রমাণও দিয়েছি। আমরা কোনো অন্যায় সুবিধা চাই না। ন্যায্য বিবেচনাগুলো করা হোক, তাই চাই।’ এর আগে বিপিএলের পক্ষ থেকে বলা হয়েছিল, তারা গেম অনের কাছ থেকে প্রায় ২৮ কোটি টাকা পাবে। কিন্তু গেম অন কাল বলেছে পাকিস্তানী খেলোয়াড় না আসা, বিজ্ঞাপনদাতারা সে কারণে চুক্তি বাতিল করা, কয়েকটি টিভি চ্যানেলের চুক্তি বাতিল, খুলনায় হরতালের কারণে টিকিট বিক্রি কমে যাওয়া; এসব মিলিয়ে তাদের আয় অনেক কম হয়েছে। একই সঙ্গে তারা দাবি করছে, ফ্রাঞ্চাইজিদের বার্ষিক ফি থেকেও তাদের পাওনা আছে। ফলে সবমিলিয়ে মোট পাওনা থেকে এসব বাদ দিতে হবে।