জন্মদিনে ম্যান্ডেলার স্বাস্থ্যের নাটকীয় উন্নতি

আপডেট : ১৮ জুলাই ২০১৩, ২৩:১০
দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের কিংবদন্তি নেতা নেলসন ম্যান্ডেলার ৯৫তম জন্মদিন পালিত হলো গতকাল বৃহস্পতিবার। দিনটি সারা বিশ্বে ম্যান্ডেলা দিবস হিসেবে পালিত হয়। দক্ষিণ আফ্রিকাসহ বিশ্বের অনেক দেশেই তার জন্মদিন উদযাপন করা হয় নানা আয়োজনে। এদিকে গতকাল নাটকীয়ভাবে ম্যান্ডেলার স্বাস্থ্যের উন্নতি হয়েছে বলে জানিয়েছেন তার মেয়ে জিন্দজি ম্যান্ডেলা। খবর বিবিসি ও রয়টার্সের। অবিসাংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার ৯৫তম জন্মদিন উপলক্ষে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং ফার্স্ট লেডি মিশেল ওবামা শুভেচ্ছা জানিয়েছেন। ওবামা বলেন, ম্যান্ডেলার আদর্শে দীক্ষিত হয়ে অন্যকে সেবার মাধ্যমেই বিশ্ববাসী এই মহামানুষকে শ্রদ্ধা জানাতে পারে। গত মাসে ওবামা আফ্রিকা সফরে গিয়ে ম্যান্ডেলার স্মৃতিবিজড়িত রোবেন দ্বীপ সফর করেন। এই দ্বীপে ম্যান্ডেলা ১৮ বছর কারাগারে ছিলেন। গত ৮ জুন থেকে হাসপাতালে রয়েছেন ম্যান্ডেলা। তবে গতকাল থেকে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। মেয়ে জিন্দজি ম্যান্ডেলা এক সাক্ষাত্কারে বলেছেন, আমি গত মঙ্গলবার তাকে দেখতে গিয়েছিলাম। তিনি কানে হেডফোন লাগিয়ে টিভি দেখছিলেন। আমাদের দেখে বাবা বড় একটা হাসি দেন। হাত ও চোখ নেড়েছেন। শিগগিরই যেকোনো সময় তিনি বাড়িতে ফিরবেন বলে আমি আশা করছি। এদিকে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা এক বিবৃতিতে বলেন, মাদিবা প্রিটোরিয়ার হাসপাতালে চিকিত্সাধীন। তার স্বাস্থ্যের উন্নতি হচ্ছে বলে ডাক্তাররা জানিয়েছেন। ম্যান্ডেলার জন্মদিন উপলক্ষে জোহানেসবার্গের বিভিন্ন সংগঠনসহ জনগণ গতকাল ৬৭ মিনিট বিভিন্ন জনহিতকর কাজ করে। মুক্ত জীবনের ৬৭টি বছর দেশের জন্য কাজ করেছেন মাদিবা। সেই ভাবনা থেকেই বৃহস্পতিবার এই কর্মসূচি পালন করা হয়। দিনটি উপলক্ষে প্রেসিডেন্ট জুমা প্রিটোরিয়ার দরিদ্রদের মধ্যে বিনা মূল্যে আবাসনব্যবস্থা নিশ্চিতের খোঁজখবর নেবেন। ম্যান্ডেলার জন্মদিনে তার মন্ত্রিসভা খাদ্য, বাসস্থান ও শিক্ষাকে অগ্রাধিকার দেওয়ার বিষয়টিকে গুরুত্বের সঙ্গে তুলে ধরে। ম্যান্ডেলার জন্মদিনের আয়োজনে শামিল হন ব্রিটিশ ব্যবসায়ী রিচার্ড ব্র্যানসনসহ বিভিন্ন দেশের রাজনীতিবিদ ও তারকারা। ম্যান্ডেলার গ্রাম ওমতাতার মুভিজোরে এদিন যাত্রা শুরু করে একটি নতুন স্কুল। গির্জাগুলোতে মাদিবার জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। শ্রমিক সংগঠনগুলোও বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে কেপটাউনের সেন্ট জর্জ’স ক্যাথেড্রেলে। ফিলিপাইন আর নরওয়েতেও ছিল স্কুল শিশুদের জন্য বিশেষ আয়োজন। কেনিয়ায়ও যথাযোগ্য মর্যাদায় পালিত হয় এই দিনটি। ম্যান্ডেলার সম্মানে ২০০৯ সালে তার জন্মদিনটিকে ম্যান্ডেলা দিবস ঘোষণা করে জাতিসংঘ। দক্ষিণ আফ্রিকার চিত্রশিল্পী জন অ্যাডমস ও পল ব্লুমক্যাম্প জন্মদিন উপলক্ষে ম্যান্ডেলার দুটি বিশাল আকারের প্রতিকৃতি এঁকেছেন। ১৯১৮ সালের ১৮ জুলাই জন্ম নেয়া নেলসন রোলিহ্লাহ্লা ম্যান্ডেলা তার নিজের দেশের মানুষের কাছে অনেক বেশি পরিচিত ‘মাদিবা’ নাম। এটি তার গোত্রের নাম। কালো মানুষের অধিকারের পক্ষে আন্দোলনের কারণে লন্ডন বিশ্ববিদ্যালয়ের আইনে স্নাতক ম্যান্ডেলাকে তারুণ্যের ২৭টি বছর কাটাতে হয়েছে কারাগারে।