অক্টোবরে নারী ফুটবল লিগ

আপডেট : ১৩ মে ২০১৯, ২১:৪৫

 স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশের ফুটবলে নারী ফুটবল আলোচনার কেন্দ্র বিন্দুতে। জাতীয় দলের পারফরম্যান্স সবার নজর কেড়েছে। প্রশ্ন উঠছে শুধুই কি জাতীয় দলের খেলা হবে ? নারী ফুটবল কবে হবে। বাফুফে বার বার বলে আসছিল মেয়েদের ফুটবল লিগ আয়োজন করতে গিয়ে বার বার উদ্যোগ নিয়ে থেমে যেতে হয়েছে। সাড়া পাওয়া যায় না। ক্লাবগুলো সেভাবে সাড়া দেয় না। বাফুফেও ক্লাবগুলোর কাছে নতি স্বীকার করে নিয়েছে। এতো অনুরোধ করে খেলা চালানো যায় না। কয়েক বছর আগের এমন চিন্তা ভাবনা নিয়ে এখন আর বসে থাকতে চায় না বাফুফে। সময় হয়েছে মহিলা ঘরোয়া ফুটবলের পরিসর বাড়াবার। বাফুফের মহিলা কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ জানিয়েছেন মহিলা ফুটবল লিগ আয়োজনে উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী অক্টোবরে লিগ আয়োজন করতে চান।

সেপ্টেম্বরে বাংলাদেশের মেয়েদের ফুটবল দল থাইল্যান্ড যাবে। অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের বাছাই রয়েছে সেখানে। এশিয়ার সেরা ৮ দেশ খেলবে। বাংলাদেশ এখন এশিয়ার সেরা আটের একটি। মহিলা লিগ নিয়ে বাফুফের যে পরিকল্পনা তাতে মনে হচ্ছে থাইল্যান্ড থেকে ঢাকায় ফেরার পর মেয়েদের লিগ আয়োজন করতে চায় বাফুফে। এখন জাতীয় দলের মেয়েরা বিশ্বকাপ বাছাইয়ের ক্যাম্পে রয়েছেন। এখন যদি লিগ খেলার কথা ঘোষণা দেওয়া হয় তাহলে  মন্দ প্রভাবটা পড়তে পারে বিশ্বকাপের বাছাইয়ে। এই সময় ঝুঁকি নিতে রাজি না। তবে অক্টোবরে লিগ আয়োজনের পরিকল্পনা নিয়ে রাখছে বলে জানিয়েছেন মহিলা ফুটবল কমিটির চেয়ারম্যান কিরণ। তিনি জানান মে জুনেই ক্লাবগুলোকে চিঠি দিয়ে জানিয়ে দেবেন। শুধু ক্লাবগুলোকেই নয় বিভিন্ন করপোরেট অফিসগুলোকেও জানানো হবে। করপোরেট অফিসগুলো যদি আসে তাহলে খেলোয়াড়রা লাভবান হবে। কারণ আর্থিক বিষয়টা এখানে বড়।

জাতীয় দলের ক্যাম্পে যারা রয়েছেন তারা ক্লাব ফুটবলে যোগ দেবেন, তবে ক্লাবের অনুশীলনে যেতে পারবেন না। জাতীয় দলের ক্যাম্পেই অনুশীলন করবেন শুধু খেলার দিন গিয়ে খেলে আসবেন। এমন কঠোর নিয়মের ব্যাপারে মাহফুজা আক্তার কিরণ বলেন. ‘আমাদের ক্যাম্পে যেভাবে অনুশীলন হয় সেটা অনুসরণ করা অন্যদের জন্য কঠিনই হয়ে যাবে। মেয়েদের  কঠোর অনুশীলন, নিয়ম মেনে চলা, খাওয়া দাওয়া, সব কিছুই একটা ভিন্ন নিয়মের মধ্যে চলে আসছে। এটা যদি ভেঙে যায় তাহলে খেলার ধারাবাহিকতাটাই নষ্ট হবে।’

মেয়েদের ফুটবল লিগ শুরু হলে জাতীয় দলের খেলোয়াড়দের সঙ্গে নতুন মেয়েরাও অর্থিকভাবে লাভবান হবে। বঙ্গমাতা আন্তর্জাতিক (অনূর্ধ্ব-১৯) গোল্ডকাপ ফুটবলে লাওসের সঙ্গে বাংলাদেশ যুগ্ম চ্যাম্পিয়ন হওয়ার পরদিন মেয়েদের ফুটবল নিয়ে আলোচনায় বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিনও লিগ আয়োজনের দিকে গুরুত্ব দিয়েছেন। এখন অপেক্ষা লিগ কবে হয়। ২০১১ ও ২০১৩ সালে ৮টি করে দল নিয়ে মেয়েদের ফুটবল লিগ হয়েছিল। যেখানে প্রথম লিগে শেখ জামাল চ্যাম্পিয়ন এবং দ্বিতীয় লিগে আবাহনী চ্যাম্পিয়ন হয়।