ভারতের বিহারে স্কুলে বিনামূল্যে দেয়া খাবার খেয়ে ২৩ শিশুর মৃত্যুর পর রাজ্য সরকার নির্দেশ দিয়েছে খাবার ছাত্রদের মধ্যে বিতরণের আগে প্রধান শিক্ষক ও বাবুর্চিকে খেতে হবে। শুধু তাই নয় খাদ্যমান পর্যবেক্ষণকারী সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও আগে খাওয়ার নির্দেশ দিয়ে খাদ্যের মান লিখিতভাবে সংরক্ষণের নির্দেশ দেয়া হয়েছে। রাজ্য সরকার সংবাদপত্রে বিজ্ঞপ্তি দিয়ে এই নির্দেশ জারি করেছে বলে জানিয়েছে এনডিটিভির। মঙ্গলবার দুপুরে বিহারের প্রাদেশিক রাজধানী পাটনা থেকে ৬০ কিলোমিটার দূরে ছাপরার কাছে একটি স্কুলে খাদ্যে বিষক্রিয়ায় ঐ ২৩ শিশুর মৃত্যুর ঘটনা ঘটে। এ ঘটনায় প্রবল সমালোচনার মুখে পড়া মুখ্যমন্ত্রী নিতিশ কুমারের সরকার এই পদক্ষেপ গ্রহণ করল। তবে এখনো পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
