ম্যাচের গুরুত্ব বিবেচনায় তেমন বড় কোন ঘটনা নয়। প্রাক মৌসুম প্রস্তুতি সফরে এসে গত বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত ম্যাচে ডারবানে অ্যামাজুলুর কাছে ২-১ গোলে হেরেছে ম্যানচেস্টার সিটি। কিন্তু ম্যাচের ফলাফল ছাপিয়ে বড় হয়ে উঠেছে ম্যাচের দিনটি। হ্যাঁ গত পরশু ছিল দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার ৯৫ তম জন্মদিন।
ম্যাচের শুরুতেই বর্তমানে অসুস্থ থাকা এই নেতাকে স্মরণ করে মাঠে নামেন। ম্যানচেস্টার সিটি দলের জার্সিতে লেখা ছিল ‘ম্যান্ডেলা ৯৫’। এই জার্সি বিক্রি থেকে প্রাপ্ত অর্থ স্থানীয় একটি দলের সহায়তায় ব্যবহার করা হবে। এরপর সাবেক দক্ষিণ আফ্রিকান রাষ্ট্রপতিকে সম্মান জানিয়ে ল্যাপ অব অনারে অংশ নেন দু’দলের খেলোয়াড়েরা। তাদের হাতে ছিল বড় একটি ব্যানার। ম্যানচেস্টার সিটির জার্সির রংয়ে তৈরি এই ব্যানারে বড় করে লেখা ছিল ‘হ্যাপি নাইন্টিন্থ বার্থ ডে, মিস্টার ম্যান্ডেলা। লেখার একপাশে ছিল ক্লাবটির লোগো আর অন্য পাশে ম্যান্ডেলার হাস্যোজ্জ্বল একটি ছবি।
যদিও শেষ পর্যন্ত ডারবানে শেষ হাসি হাসতে পারেনি এক মৌসুম আগেই ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জয় করা ম্যানচেস্টার সিটি দল। ডারবানে এই সময় দলের সাথে ছিলেন না দলের প্রধান কোচ ম্যানুয়েল পেলিগ্রিনি। বৃহস্পতিবার সকালেই পারিবারিক কারণে তিনি চিলি গেছেন। যদিও ম্যাচটি নিয়ে স্থানীয় দর্শকদের কোন আগ্রহ ছিল না। মোজেস মাহিবা স্টেডিয়ামে দর্শক ছিল মোট ধারণক্ষমতার অর্ধেকেরও কম। ম্যাচ শেষে অ্যামাজুলু দলের কোচ ক্রেইগ রোসেল বলেন, ‘যে মানুষটি জীবনের প্রায় সবটা সময় দেশের উন্নতির কাজে বিলিয়ে দিলেন, তার জন্মদিনের দিন অল্প একটু সম্মান তার অবশ্যই প্রাপ্য।
