ওয়েন রুনি কি চেলসিতে যেতে পারবেন? রিয়াল মাদ্রিদ কি গ্যারেথ বেলকে স্পেনে নিয়ে যেতে পারবে? লুইস সুয়ারেজ কি লিভারপুল ছাড়তে পারবেন? কিংবা বিশ্বের সবচাইতে দামি খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদোকে কি দলে ভেড়াতে পারবে পেট্রো ডলারে বলীয়ান প্যারিস সেইন্ট জার্মেই? ফুটবল তীর্থ ইউরোপ জুড়ে এখন এসব নিয়েই চলছে জোর জল্পনা। শুধু জল্পনাই নয় ক্লাবগুলোও পাউন্ড, ইউরো কিংবা ডলারের থলি নিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে আরাধ্য খেলোয়াড়টিকে সই করানোর জন্য। ইউরোপের পত্রিকাগুলোর দেয়া তথ্য অনুযায়ী সুপারস্টারদের নিয়ে কাড়াকাড়ির সর্বশেষ হালহকিকত তুলে ধরা হলো এখানে।
রোনালদোকে সই করানোর
স্বপ্ন এক মরু ধনীর
প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) সভাপতি কাতারি ধনকুবের নাসের আল-খেলাইফি জানিয়েছেন রিয়াল মাদ্রিদের ক্রিস্টিয়ানো রোনালদোকে সই করানো তার ‘স্বপ্ন’। রোনালদোর ব্যাপারে তার আগ্রহের মধ্যে কোন লুকোচাপা নেই। ফরাসি লিগ চ্যাম্পিয়ন দলটির মালিক এমন একটা সময় তার আগ্রহের কথা জানাচ্ছেন যখন স্পেনের রাজধানীর দলটিতে পর্তুগিজ স্ট্রাইকারটির ভবিষ্যতের এখনো কোন সুরাহা হয়নি। আল-খেলাইফি অবশ্য জানিয়েছেন রিয়াল ও তার সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজকে তিনি সমীহ করেন। এ কারণেই তিনি ২৮ বছরের খেলোয়াড়টিকে দলে ভেড়াতে যা করণীয় তা সম্মানের সাথেই করবেন।
ফরাসি পত্রিকা ‘ল্যাক্যুইপ’কে তিনি বলেন, ‘আমি যদি ক্রিস্টিয়ানোকে সই করানোর স্বপ্নে সফল হতে চাই সেক্ষেত্রে আমি রিয়াল মাদ্রিদের সভাপতিকেই প্রথমে ফোন করবো।’ তিনি আরো বলেন, ‘তাকে (রোনালদো) আমি শুভেচ্ছা জানাই। আমি জানি রিয়াল মাদ্রিদের সাথে চুক্তি অনুযায়ী তার আরো দুই বছর খেলার কথা। তাছাড়া ফ্লোরেন্তিনোর সাথে আমার খুব ভাল সম্পর্ক আছে।’
পর্তুগিজ খেলোয়াড়টি যদি মাদ্রিদ ছাড়তে রাজি হন তবে তাকে পেতে পিএসজিকে ম্যানচেস্টার ইউনাইটেডের দিক থেকেও প্রতিদ্বন্দ্বিতায় পড়তে হতে পারে। কেননা প্রিমিয়ার লিগের দলটিও তাকে ফিরিয়ে আনতে আগ্রহী।
সুয়ারেজকে ছাড়ছে না লিভারপুল
কোচ ব্রেন্ডন রজার্স জানিয়েছেন যেকোন পরিমাণ অর্থ ছড়িয়েও আর্সেনাল কিংবা রিয়াল মাদ্রিদ লুইস সুয়ারেজকে বিক্রির ব্যাপারে লিভারপুলকে বাধ্য করতে পারবে না। সুয়ারেজ ইংলিশ প্রিমিয়ার লিগে গত মৌসুমে ২৩ গোল করেন। কিন্তু লিভারপুল ইউরোপীয় প্রতিযোগিতাগুলোয় উত্তীর্ণ হতে না পারায় ধারণা করা হচ্ছে উরুগুয়ে স্ট্রাইকারটি অ্যানফিল্ড ছেড়ে যেতে পারেন। রিয়াল ও আর্সেনাল উভয়েই তাকে দলে টানতে প্রতিযোগিতায় লিপ্ত বলে জানা গেছে। এর মধ্যে লন্ডনের ক্লাবটির দেয়া একটি প্রস্তাব ইতিমধ্যে প্রত্যাখ্যান করেছে লিভারপুল। লিভারপুল কোচ রজার্স স্ট্রাইকারটিকে তার স্বদেশী এডিনসন কাভানির মতো একই মূল্যমানে দেখছেন। কাভানি সম্প্রতি সাড়ে পাঁচ কোটি পাউন্ডে প্যারি সেন জার্মেইতে পাড়ি জমান। রজার্স দাবি করছেন সেরকম দর দিয়েও কেউ সুয়ারেজকে বিক্রিতে বাধ্য করতে পারবে না।
এ ব্যাপারে ‘লিভারপুল ইকো’কে রজার্স বলেন, ‘আপনি জানেন যে কাভানি সাড়ে পাঁচ কোটি পাউন্ডে চলে গেছে। লুইসও শীর্ষ স্থানীয় ফুটবলার হিসেবে একই দাম পাওয়ার যোগ্য। আমরা একটি প্রস্তাব (আর্সেনালের) পেয়েছি তার মেধার মূল্যমানের নয়। এমনকি তারা যদি একই দর (সাড়ে পাঁচ কোটি) নিয়েও আসে, তাকে যে পাবে এমন কোন নিশ্চয়তা নেই। কারণ আমরা এখানে কিছু একটা গড়তে চাইছি।’
সুয়ারেজ অবশ্য উরুগুয়ের হয়ে ফিফা কনফেডারেশন্স কাপ খেলার সময় অ্যানফিল্ড থেকে চলে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। কিন্তু রজার্স ২৬ বছর বয়সী খেলোয়াড়টিকে বলে দিয়েছেন ক্লাবকে অর্থের কাছে জিম্মি করা যাবে না। তার মতে—‘পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে। এ জায়গাটায় আমরা কোন বিক্রির মধ্যে নেই। তাছাড়া চুক্তি অনুযায়ী তার আরো তিন বছর খেলার কথা রয়েছে। আমরা সুয়ারেজকে বিক্রি না করেই আরো খেলোয়াড় আনতে প্রস্তুত আছি।’ লিভারপুল কোচ যাই বলুন না কেন আর্সেনাল ইতিমধ্যে খেলোয়াড়টির জন্য চার কোটি পাউন্ডের প্রস্তাব দিতে যাচ্ছে। চুক্তির শর্ত অনুযায়ী এই পরিমাণ অর্থ কেউ দিতে চাইলে ক্লাবের পক্ষে সম্ভাব্য ক্রেতার সাথে কথা বলতে হবে। আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার অবশ্য সুয়ারেজের পাশাপাশি রিয়াল মাদ্রিদের গঞ্জালো হিগুয়েন এমনকি ম্যানচেস্টার ইউনাইটেডের ওয়েন রুনিকেও দলে ভেড়াতে আগ্রহী।
ফেব্রেগাসের ব্যাপারেও
বার্সার ‘না’
ম্যানচেস্টার ইউনাইটেড কোচ ডেভিড ময়েস স্ট্রাইকার ওয়েন রুনিকে যেমন বেচতে চান না, তেমনি বার্সেলোনাও তাকে জানিয়ে দিয়েছে ফেব্রেগাসকে ছাড়বে না তারা। ময়েস চেয়েছিলেন দুই কোটি ৬০ লাখ পাউন্ড দর হাঁকাবেন ফেব্রেগাসের জন্য। কিন্তু গতকাল এটা প্রকাশ করতে না করতেই বার্সেলোনা সহ-সভাপতি জোসেফ বার্তোমু জানিয়ে দিয়েছেন চলতি গ্রীষ্মে সাবেক আর্সেনাল মিডফিল্ডারটির ন্যু-ক্যাম্প ছাড়ার কোন সম্ভাবনা নেই।
ম্যানচেস্টার ইউনাইটেডের আগে টটেনহ্যাম হটস্পার স্ট্রাইকার গ্যারেথ বেল-এর জন্য ছয় কোটি পাউন্ড দিতে চায় বলেও বৃটিশ গণমাধ্যমে খবর বেরিয়েছে। যদিও স্পার্সরা জানিয়েছেন ম্যান ইউ এ নিয়ে শুধুই সময় নষ্ট করছে। কেননা বেল শেষ পর্যন্ত টটেনহ্যামেই থেকে যাবেন বলে তাদের বিশ্বাস।
ক্লাবটির এক ঊর্ধ্বতন কর্মকর্তা তো এমন দাবিও করলেন যে, বিশ্বরেকর্ড সাড়ে আট কোটি পাউন্ডেও বেলকে বিক্রি করা হবে না। এখন দেখার পালা তার ব্যাপারে আগ্রহী আরো একটি ক্লাব রিয়াল মাদ্রিদও কি করে। তবে টটেনহ্যামের কর্মকর্তাদের কথায় বোঝা যাচ্ছে সুযোগ পেলে বেলকে নিয়ে ব্যবসা করারও আগ্রহ আছে তাদের।
