সর্বশেষ দুই বছরে ভারতের হয়ে মাত্র ছয় টেস্ট খেলেছেন হরভজন সিং। রঙ্গীন জার্সি গায়ে চাপিয়ে গেল দুই বছর কোন আন্তর্জাতিক ম্যাচই খেলতে পারেননি এই অফস্পিনার। সেজন্য অবশ্য বসে নেই তিনি। আবারো জাতীয় দলে ফেরার জন্য কঠোর পরিশ্রম করছেন জানিয়ে হরভজন বললেন, ‘জাতীয় দলে ফেরার জন্য কঠোর পরিশ্রম করছি। আবারো দলে সুযোগ পাবার জন্য আগামী ২/৩ মাস আপ্রাণ চেষ্টা করবো।’
ভারতের ২০১১ সালের ইংল্যান্ড সফরে হোয়াইটওয়াশ হওয়া টেস্ট সিরিজে ছিলেন হরভজন। প্রথম দুই টেস্টে খেলার সুযোগ পেলেও ইনজুরির কারণেই শেষ দুটিতে খেলতে পারেননি। এরপর দেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে আবার ডাক পেলেও বল হাতে খুব বেশি সুবিধা করতে পারেননি হরভজন। মুম্বাই টেস্টে মাত্র দুই উইকেট শিকার করায় সিরিজের বাকি টেস্টগুলোয় খেলা হয়নি তার। আবারো বাদ পড়েন দল থেকে। হোম সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে আবারো ভারতের হয়ে খেলার সুযোগ দেয়া হয় তাকে। কিন্তু দুই ম্যাচে মাত্র পাঁচ উইকেট পাওয়া হরভজন এবারও নিজের প্রতি সুবিচার করতে পারেননি। এভাবেই টেস্ট দলে হরভজনের যাওয়া-আসা চলছে।
সে তুলনায় গত দুই বছর ওয়ানডে দলে তার অবস্থান কিছুটা ভাল। ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরই ছিল টিম ইন্ডিয়ার হয়ে হরভজনের শেষ ওয়ানডে। তবে এসব স্মৃতি ভুলে গিয়ে আবারো জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখছেন এই অফস্পিনার। তিনি বলেন, ‘জাতীয় দলে ফেরার জন্য কঠোর পরিশ্রম করছি। সুযোগ পাবার জন্য আগামী ২/৩ মাস আপ্রাণ চেষ্টা করবো।’
সর্বশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে বল হাতে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছেন হরভজন। ওই আসরে ২৪ উইকেট শিকার করা হরভজন তাই আইপিএলের প্রসঙ্গ টেনে বলেন, ‘যদি জাতীয় দলে ফিরে আসার জন্য আইপিএল হয় প্ল্যাটফর্ম, তবে আমি তাতে সফল। ওই টুর্নামেন্টে আমি বেশ ভালো খেলেছি। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আমি ২৪ উইকেট শিকার করেছি। তাই আমাকে আবারো দলে সুযোগ দিতে পারতেন নির্বাচকরা।’
নির্বাচকদের ডাক না পেলেও হতাশ হননি হরভজন। তিনি বলেন, ‘আমি সুযোগ পাবার আশায় আছি। তবে শেষ দুই সফরে সুযোগ না পাওয়ায় আমি হতাশ নই। ক্রিকেটে সবকিছুই সম্ভব। এখনো অনেকদিন ক্রিকেট খেলার সামর্থ্য আমার আছে। অন্তত আরো পাঁচ বছর ক্রিকেট খেলতে পারবো আমি। তাই আশা করছি আবারো জাতীয় দলে সুযোগ পাব।’
চ্যাম্পিয়ন্স ট্রফির পর জিম্বাবুয়ে সফরের জন্যও হরভজনকে বিবেচনায় আনেননি নির্বাচকরা। তবে এসব নিয়ে চিন্তা না করে নিজেকে জাতীয় দলে ফেরানোর লক্ষ্য স্থির করেছেন তিনি। হরভজন বলেন, ‘মানুষের জীবনে উথান-পতন থাকে। দল থেকে বাদ পড়লেই সব শেষ হয়ে যায় না। আমি দেশের জন্য অনেক ম্যাচ খেলেছি এবং আরো খেলতে চাই। আমি আশা করছি খুব শিগগিরই দলে সুযোগ পাবো।’
ভারতের হয়ে এখন পর্যন্ত ১০১টি টেস্ট, ২২৯টি ওয়ানডে ও ২৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন হরভজন। ব্যাট হাতে টেস্টে ২২০২, ওয়ানডেতে ১১৯০ ও টি-টোয়েন্টিতে ১০০ রান করেছেন তিনি। অপরদিকে বল হাতে টেস্টে ৪১৩, ওয়ানডেতে ২৫৯ ও টি-টোয়েন্টিতে ২২ উইকেট শিকার করেছেন ৩৩ বছর বয়সী হরভজন। —বাসস
