ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আদলে এবার শুরু হচ্ছে ইন্ডিয়ান ব্যাডমিন্টন লিগ (আইবিএল)। প্রথমদিকে এ টুর্নামেন্ট নিয়ে খুব বেশি আলোচনা না থাকলেও সুনিল গাভাস্কার একটি দল কিনে নেয়ায় ক্রমেই যেন এর আলোকচ্ছটা বেড়েই চলেছে।
ইতিপূর্বে লিটল মাস্টার শচিন টেন্ডুলকার একটি ফ্র্যাঞ্চাইজি ক্রয়ের আগ্রহের কথা জানিয়েছিলেন।
ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক গাভাস্কার ও তেলেগু অভিনেতা নাগার্জুন যৌথভাবে কনসোর্টিয়াম তৈরি করে কিনে নিয়েছেন মুম্বাই মাষ্টার্স ফ্র্যাঞ্চাইজি।
এ কনসোর্টিয়ামে আরো রয়েছেন এক সময় ভারতীয় ক্রিকেট দলের ম্যানেজারের দায়িত্ব পালন করা বর্তমানে ব্যবসায়ী বানকিনা চামুন্দেশ্ব রনাথ।
এক বিবৃতিতে গাভাস্কার বলেন, ‘আমি সবসময়ই বলে আসছি আমি ব্যাডমিন্টনের একজন একনিষ্ঠ ভক্ত এবং এখন খেলাটির সঙ্গে যুক্ত হতে পেরে আমি গর্ববোধ করছি। ব্যাডমিন্টন অনেক কিংবদন্তী তৈরি করেছে এবং তারা ভারতের হয়ে অনেক মাইলফলক সৃষ্টি করেছে। ব্যাডমিন্টনকে আরো বড় পরিসরে এগিয়ে নিতে এ আইবিএল সহায়ক হবে বলে আশা করছি।’
আগামী ১৪ আগস্ট শুরু হবে ১০ লাখ ডলার প্রাইজমানির এই টুর্নামেন্ট।
মুম্বাই, পুনে, হায়দ্রাবাদ, দিল্লি, ব্যাঙ্গালোরে এবং লক্ষ্নৌ ছয়টি ফ্র্যাঞ্চাইজি নিয়ে আইবিএল’র উদ্বোধনী আসরে মোট ৯০টি ম্যাচ অনুষ্ঠিত হবে। মুম্বাইয়ে ৩১ আগস্ট ফাইনাল অনুষ্ঠিত হবে।-বাসস
