অনূর্ধ্ব ১৬ দলে পাঁচ খেলোয়াড় অসুস্থ

আপডেট : ১৯ জুলাই ২০১৩, ২১:৩৬
নেপালে অনুষ্ঠিত দ্বিতীয় অনূর্ধ্ব-১৬ সাফ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণের লক্ষ্যে বুধবার দেশ ছেড়েছে অনূর্ধ্ব-১৬ যুবরা। শনিবার নেপালের দশরথ স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে স্বাগতিক নেপাল মুখোমুখি হবে ভুটানের সঙ্গে। শুক্রবার টুর্নামেন্টের গ্রুপ নির্ধারণে বাংলাদেশ বি গ্রুপে মোকাবিলা করবে শক্তিশালী ভারত এবং শ্রীলঙ্কার বিপক্ষে। গ্রুপ এ তে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান, স্বাগতিক নেপাল, ভুটান এবং টুর্নামেন্টে প্রথম অংশগ্রহণকারী দল ভুটান। টুর্নামেন্টে শিরোপার লক্ষ্যেই খেলবে বাংলাদেশ। কিন্তু যাদের দিয়ে কোচ রেনে কোস্টার মাঠে খেলাবেন, তারাই অসুস্থ হয়ে আছে। দলে মোট পাঁচ জন খেলোয়াড় অসুস্থ অবস্থায় আছে এবং একজন হাসপাতালে ভর্তি হয়েছে। ২৩ জুলাই স্থানীয় সময় বিকাল চারটায় আর্মী গ্রাউন্ডে বাংলাদেশ প্রথম খেলায় শ্রীলঙ্কার বিপক্ষে মোকাবিলা করবে। ২৫ জুলাই একই ভেন্যুতে শেষ খেলায় ভারতের বিপক্ষে মুখোমুখি হবে লাল-সবুজের দল। টুর্নামেন্টে ভারত কিংবা শ্রীলঙ্কার সঙ্গে একটি ম্যাচে জয়লাভ করলে বাংলাদেশ শেষ চারে পৌঁছে যাবে। নেপালে প্রথম সাফ টুর্নামেন্টে বাংলাদেশ সেমিফাইনালে পাকিস্তানের কাছে ২-০ গোলে হারে। সাফ চ্যাম্পিয়নশীপে শিরোপা জিতেই দেশে ফিরতে চান বাংলাদেশ অনূর্ধ্ব ১৬ দলের হেড কোচ রেনে কোস্টার। শুক্রবার নেপালে প্রিম্যাচ কনফারেন্সে এ কথা বলেন রেনে। তিনি বলেন, ‘বাংলাদেশ এখানে এসেছে সাফ চ্যাম্পিয়নশীপের শিরোপা জয়ের লক্ষ্যে। সত্যিই আমরা কোন ম্যাচে হারতে পছন্দ করি না।’ কোস্টার আরো বলেন, ‘আমি অতি সম্প্রতি দলের সাথে যোগ দিয়েছি। বাংলাদেশের স্থানীয় কোচরা দল নির্বাচন করেছে। দলের মান দেখে আমি খুশি নই; তবে খেলোয়াড়দের আচরণে আমি সন্তুষ্ট।’ মাঠে আমাদের মূল লক্ষ্যই থাকবে জয়। আমরা শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই প্রতিটি ম্যাচে খেলতে নামবো। তবে দলের পাঁচ খেলোয়াড় অসুস্থ হয়ে পড়ায় কিছুটা চিন্তিত দলের হেড কোচ রেনে কোস্টার। নেপালে থাকার ব্যবস্থা নিয়ে মন্তব্য করেছেন রেনে। তিনি বলেন, ‘আমরা যেখানে উঠেছি সেখানকার পরিবেশ তেমন একটা ভালো নয়।’