জাতীয় ক্রিকেট জিতল নারায়ণগঞ্জ

আপডেট : ১৯ জুলাই ২০১৩, ২১:৩৮
গতকাল বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ফরিদপুর জেলা দলকে ৬ উইকেটে হারিয়ে ৩৮তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতল নারায়ণগঞ্জ জেলা দল। ম্যান অব দ্য টুর্নামেন্ট তৈয়বুর পারভেজের অলরাউন্ড পারফরমেন্সে ফাইনাল জিতে দ্বিতীয়বারের মতো এই ট্রফি স্পর্শ করল নারায়ণগঞ্জের খেলোয়াড়রা। ফাইনালে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ফরিদপুর দল। কিন্তু তৈয়বুরের আক্রমণের মুখে ৪২.৩ ওভারে মাত্র ১০৯ রানে অলআউট হয় তারা। তৈয়বুর মাত্র ১৬ রান দিয়ে তুলে নেন ৫ উইকেট। জবাব দিতে নেমে ব্যাট হাতেও দারুণ পারফরমেন্স করেন তৈয়বুর। অপরাজিত ২৫ রানের ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন ফাইনালের এই সেরা খেলোয়াড়। ব্যাট হাতে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ১১৪ রান এবং বল হাতে তৃতীয় সেরা ৬ উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরা হয়েছে তৈয়বুর পারভেজ। ৩ ম্যাচে ১১ উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা বোলার হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার কামরুল হাসান বাপ্পী ও নারায়ণগঞ্জের সজীব দত্ত। আর ২ ম্যাচেই ১১৭ রান করে সেরা ব্যাটসম্যান হয়েছেন মৌলভীবাজারের মোসাদ্দেক ইফতেখার। ১৯৭৪-৭৫ সালে শুরু হওয়া দেশের একসময়ের অন্যতম গুরুত্বপূর্ণ এই টুর্নামেন্টে প্রথম চ্যাম্পিয়ন হয়েছিল কুমিল্লা জেলা দল। ঢাকা বিশ্ববিদ্যালয় ৭ বার শিরোপা জিতে টুর্নামেন্টের সফলতম দল ছিল। এছাড়া বিমান বাংলাদেশ ও চট্টগ্রাম জেলা দল ৫ বার করে শিরোপা জিতেছে।