বৃষ্টিতে পণ্ড অনুশীলন ম্যাচ

আপডেট : ১৯ জুলাই ২০১৩, ২১:৩৮
সবই প্রস্তুত ছিল। খেলোয়াড়রাও প্রায় সবাই চলে এসেছিলেন। কিন্তু বেরসিক বৃষ্টি কালকের অনুশীলন ম্যাচটা হতে দিল না। ফলে নির্বাচকদের ও টিম ম্যানেজমেন্টের পরিকল্পিত দ্বিতীয় অনুশীলন ম্যাচটি হতে পারল না গতকাল। তবে দমে যাচ্ছেন না নির্বাচকরা। ‘এ’ দল বনাম অনূর্ধ্ব-২৩ দলের দ্বিতীয় অনুশীলন ম্যাচটি আজই সকাল ৯টা থেকে আবার আয়োজনের পরিকল্পনা আছে তাদের। আর আগামীকাল একই সময় অনুষ্ঠিত হবে তৃতীয় ম্যাচটি। অবশ্য যদি বৃষ্টি আরও বাগড়া না দেয়। বাংলাদেশ ‘এ’ দলের ইংল্যান্ড সফর, অনূর্ধ্ব-২৩ দলের সিঙ্গাপুরে এমার্জি কাপ ও অনূর্ধ্ব-১৯ দলের ইংল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ উপলক্ষে এই অনুশীলন ম্যাচগুলো আয়োজন করা হয়েছে। বয়সভিত্তিক দলগুলোর ক্ষেত্রে ক্যাম্পে থাকা খেলোয়াড়দের ভেতর থেকেই বাছাই করা হবে সফরের খেলোয়াড়দের। আর ‘এ’ দলের ক্ষেত্রে জাতীয় দলের বাইরে থাকা খেলোয়াড়রাই প্রাধান্য পাবেন। সেই সঙ্গে ইনজুরি থেকে সেরে উঠতে থাকা ও জাতীয় দলে ঢোকার জন্য লড়তে থাকা খেলোয়াড়দেরও বিবেচনায় নেয়া হচ্ছে।