গোপন সংবাদের ভিত্তিতে সাতকানিয়া থানা পুলিশ নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’ এর ৪ সদস্যকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে- নাটোর সরদ থানার উত্তর চৌকিদারপাড় পৌরসভা ১নং ওয়ার্ড এলাকার মোঃ আমিনুল ইসলাম (২৯), ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার করোনা ৭ নং হাজিপুর ইউনিয়ন ২নং ওয়ার্ড এলাকার মোঃ শামসাদ (২৫), কক্সবাজার জেলার চকরিয়া থানার রংমহল ৯নং ওয়ার্ড এলাকার জিয়াবুল করিম (২৩), একই জেলার চকরিয়া থানার কাঁকড়া পুলের ছড়া ২নং ওয়ার্ড এলাকার সাইফুল ইসলাম (২৬)। গতকাল সোমবার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মিঠাদীঘি বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। এসময় পুলিশ তাদের কাছ থেকে ককটেল জাতীয় বিস্ফোরক দ্রব্য, জিহাদি বক্তব্যসংবলিত ভাষণপত্র উদ্ধার করে।
অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জ্যামান মোল্যা জানান, ২০০৫ সাল থেকে আসামী আমিনুল মতিন মেহেদীর আদর্শ বাস্তবায়নের কাজ করছে। চকরিয়া ও লোহাগাড়ায় ‘আল্লাহর দল’ প্রধানের দায়িত্ব পালন করছে।
