এনডিটিভি
‘মনিপুরের লৌহ মানবী’ হিসেবে পরিচিত মানবাধিকার আন্দোলনকর্মী ইরম শর্মিলা যমজ সন্তানের মা হয়েছেন। রবিবার ‘মা দিবসে’ ভারতের বেঙ্গালুরুর একটি হাসপাতালে যমজ কন্যা সন্তানের জন্ম দেন তিনি।
৪৪ বছর বয়সী শর্মিলা ২০১৭ সালে নিজের দীর্ঘদিনের সঙ্গী ব্রিটিশ নাগরিক ডেসমন্ড কৌতিনোকে বিবাহ করেন। ভারতের মনিপুর রাজ্যে জারি করা ‘আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট’ (এএফএসপিএ) তুলে নেওয়ার দাবিতে ১৬ বছর ধরে টানা অনশন ধর্মঘট করেছিলেন তিনি। ২০১৬ সালের ৯ আগস্ট বিশ্বের দীর্ঘতম ওই অনশন ধর্মঘট ভাঙেন তিনি। এরপর জানিয়েছিলেন, বিতর্কিত এএফএসপিএ বাতিল করার জন্য মনিপুরের মুখ্যমন্ত্রী হতে চান। এরপর পিপলস রিসার্জেন্স অ্যান্ড জাস্টিস এলায়েন্স নামে রাজনৈতিক দল গড়েন শর্মিলা। এই দলের হয়ে ২০১৭ সালের রাজ্য নির্বাচনে অংশ নেন। মনিপুরের তিন মেয়াদের মুখ্যমন্ত্রী ওকরাম ইবোবি সিংয়ের বিরুদ্ধে থৌবাল আসনে প্রার্থী হন; কিন্তু ২৭ হাজার ২৭১টি ভোটের মধ্যে মাত্র ৯০টি পান।
চলতি বছরের প্রথমদিকে তাকে জিজ্ঞেস করা হয়েছিল, ভারতের এবারের লোকসভা নির্বাচনে তিনি প্রার্থী হবেন কি না; উত্তরে রাজনীতিতে আর আগ্রহী নন বলে জানিয়েছিলেন শর্মিলা।
