এএফপি
নাইজারের রাজধানীতে আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ট্যাংকার বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৭৬ জনে দাঁড়িয়েছে। গত ৬ মে এ বিস্ফোরণ ঘটে। রবিবার রাতে রাষ্ট্রীয় টেলিভিশন এ কথা জানিয়েছে।
এর আগে মঙ্গলবার ৬০ জনের প্রাণ হারানোর খবর আনুষ্ঠানিকভাবে বলা হয়েছিল। এদের মধ্যে ৫৫ জন ঘটনাস্থলেই নিহত হয়। মিয়ামেইর বিমানবন্দর থেকে কয়েকশ মিটার দূরে এই বিস্ফোরণ ঘটে। নিহতদের অধিকাংশই গাড়ি দুর্ঘটনার পর ছড়িয়ে পড়া জ্বালানি সংগ্রহ করছিল। নিরাপত্তা কর্মকর্তা হামানি আব্দুল আজিজ এর আগে সতর্ক করেন যে বেশ কয়েকজন মারাত্মকভাবে পুড়ে গেছে। তাই মৃতের সংখ্যা বেড়ে যেতে পারে। ট্রাকের চালক তদন্ত কর্মকর্তাদের বলেন, বৈদ্যুতিক ত্রুটির কারণে তিনি ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তিনি ট্রাকটি থামানোর চেষ্টা করলে এটি রেলপথের উপর উল্টে যায়। এরপর মানুষ গাড়ির ফুটো থেকে বের হওয়া পেট্রোল সংগ্রহের জন্য হুড়োহুড়ি শুরু করে।
