শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন বাতিলের দাবিতে আদালতে মামলা দায়ের করেছে দুই অভিভাবক। উক্ত বিদ্যালয়ে অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক তার অবৈধ নিয়োগ স্থায়ী করার উদ্দেশ্যে ম্যানেজিং কমিটির নির্বাচনে নিয়ম-নীতি উপেক্ষা করে একই সদস্যকে একাধিকবার ভোটার তালিকা করে জালিয়াতির মাধ্যমে নির্বাচন সম্পন্ন করেন। গত ১২ জুন নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের ওই কমিটি শিক্ষক নিয়োগ বাণিজ্য করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয় বিষয়ে ইতিপূর্বে আদালতে পৃথক মামলাও দায়ের করা হয়েছে। এদিকে, ওই অবৈধ নির্বাচন বাতিলের দাবিতে ৭ জুলাই শেরপুর সহকারি জজ আদালতে ছাত্র ও অভিভাবক মোঃ দুদু মল্লিক ও মোঃ মফিজ উদ্দিন বাদী হয়ে সংশ্লিষ্ট ১৯ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। ছাত্র অভিভাবকদের অভিযোগ এ নির্বাচনকে কেন্দ্র করে মামলা-মোকদ্দমার জের ধরে বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাকের সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।
