মজুরিসহ নয় দফা দাবি

বাংলাদেশ জুটমিলের উত্পাদন বন্ধ করে দিল শ্রমিকরা

আপডেট : ১৩ মে ২০১৯, ২২:০০

পলাশ (নরসিংদী) সংবাদদাতা

মজুরিসহ নয় দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল বাংলাদেশ পাটকল করপোরেশন (বিজেএমসি) নিয়ন্ত্রণাধীন পলাশ উপজেলার ঘোড়াশাল শিল্প এলাকার বাংলাদেশ জুট মিলের উত্পাদন। সোমবার ভোর ৬টা থেকে মিলের উত্পাদন বন্ধ করে দেয় শ্রমিকরা।

ভোরে মিলের নোটিস বোর্ডে বাংলাদেশ জুট মিলের সিবিএ সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক নোটিস টাঙিয়ে মিলের উত্পাদন বন্ধ করা হয়।

নোটিসে জানানো হয়, বাংলাদেশ পাটকল শ্রমিক লীগের সরকার ঘোষিত জাতীয় মজুরি ও উত্পাদনশীলতা কমিশন-২০১৫ এর রোয়েদাদ বাস্তবায়ন, সকল বকেয়া মজুরি, বেতন প্রদানসহ ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে সোমবার ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য মিলের উত্পাদন বন্ধ করে ধর্মঘট পালনসহ প্রতিদিন বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত রাজপথ-রেলপথ অবরোধ কর্মসূচি পালন করা হবে।

সিবিএ সাধারণ সম্পাদক আখতারুজ্জামান জানান, দীর্ঘদিন ধরে মজুরি না পেয়ে অনাহারে অর্ধাহারে দিন কাটাতে গিয়ে আমাদের পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে। তাই মিল বন্ধ ছাড়া আর কোনো উপায় ছিল না। আমরা বিজেএমসির চেয়ারম্যানের পদত্যাগসহ বিজেএমসি বিলুপ্ত করার দাবি জানাচ্ছি।

বাংলাদেশ জুটমিলের মহাব্যবস্থাপক মো. গোলাম রব্বানী মিলের উত্পাদন বন্ধের কথা স্বীকার করে বলেন, এ বিষয়ে বিজেএমসির সঙ্গে কথা বলে সমাধানের পথ বের করার চেষ্টা করছি।