দায়িত্ব পেলে মাহমুদউল্লাহর পারফরম্যান্স কতোটা বদলে যায়, তা জাতীয় দলেই প্রমাণ রেখেছেন এই অলরাউন্ডার। দলের সহ-অধিনায়ক হওয়ার পর প্রায় এক বছর বিশ্বের সেরা সাত নম্বর ব্যাটসম্যান ও পঞ্চম বোলার হিসেবে জায়গাটা ধরে রেখেছিলেন। গতকাল ‘বিসিবি একাদশ’ নামের দলের অধিনায়কত্ব করলেন। আর অধিনায়কত্ব উদযাপনই করলেন ৫৯ রানের দুর্দান্ত এক ইনিংস দিয়ে।
মাহমুদউল্লাহ ও মার্শাল আইয়ুবের জোড়া ফিফটিতে অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে আগ্রহ তৈরি করার মতো পুঁজিই গড়েছিল বিসিবি একাদশ; কিন্তু শেষ পর্যন্ত বৃষ্টি এসে মজাটা মাটি করে দিল। এই অনুশীলন ম্যাচটাও শেষ হতে পারল না। তিনটি বাংলাদেশের জার্সিধারী দলের সফর উপলক্ষে খেলোয়াড়রা কয়েকটা অনুশীলন ম্যাচ খেলবেন; এমন পরিকল্পনা ছিল নির্বাচকদের ও টিম ম্যানেজমেন্টের। প্রথম ম্যাচটা ঠিকঠাকমতো হলেও শুক্রবারের নির্ধারিত ম্যাচ মাঠেই গড়াতে পারেনি বৃষ্টির জন্য। আর কাল এক ইনিংস ও ৪ বল পরে বৃষ্টি শেষ করে দিল ম্যাচ।
সকাল থেকেই বৃষ্টিতে ম্যাচ নামিয়ে আনা হয়েছিল ৪৫ ওভারে। আবার বৃষ্টি এসে থাবা বসানোর আগে ৮ উইকেটে ২৩৫ রান করেছিল বিসিবি একাদশ। অনূর্ধ্ব-২৩ দলের কামরুল ইসলাম রাব্বি ও সৌম্য সরকার তিনটি করে উইকেট নিয়েছিলেন। এরপর যুব দল ব্যাট করতে নামলে ৪ বল পরই বাতিল হয়ে যায় খেলা।
এই বৃষ্টিবিঘ্নিত ম্যাচের মধ্যেও নির্বাচকরা অন্তত একটা ধারণা পেয়েছেন এবং দিতে পেরেছেন যে, তাদের ইংল্যান্ড সফরের দলটা আসলে কেমন হতে যাচ্ছে। ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাটির সিরিজটা জিতে একটু চাপেই আছে বাংলাদেশ। এখন তাদের চ্যালেঞ্জ ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে তাদের দেশ থেকেও সিরিজ জিতে আসা। এই চ্যালেঞ্জ নেয়ার জন্যই শক্তিশালী দল পাঠাতে চান নির্বাচকরা।
এখনো সেই শক্তিশালী ‘এ’ দলটা কেমন হবে, জানা যায়নি। গতকালকের ম্যাচ শেষেই প্রধান নির্বাচক আকরাম খান আবারো জানিয়েছেন, বৃষ্টির কারণে ম্যাচ না হওয়ায় তিনি হতাশ। ২/১ দিনের মধ্যে ‘এ’ দল, অনূর্ধ্ব-২৩ দল এবং অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করবেন বলেও জানিয়েছেন তিনি। তবে আকরাম খান দল ঘোষণা না করলেও গতকালকের বিসিবি একাদশ দেখে যেকেহ অনুমান করে নিতে পারেন।
গতকাল বিসিবি একাদশের হয়ে মাঠে নেমেছিলেন এনামুল হক বিজয়, ইমরুল কায়েস, সামসুর রহমান শুভ, মোমিনুল হক, মার্শাল আইয়ুব, মাহমুদউল্লাহ, মেহরাব হোসেন জুনিয়র, জিয়াউর রহমান, সোহাগ গাজী, ইলিয়াস সানি ও রবিউল ইসলাম। নিশ্চিতভাবেই এই স্কোয়াডের সঙ্গে আরো খেলোয়াড় যুক্ত হবে; সেখানে কয়েকজন পেসারকেই আশা করা যেতে পারে। তবে মোটামুটি এই খেলোয়াড়রা যে ইংল্যান্ডের বিমানে চাপবেন, সেটা ধরে নেয়া যায়।
