‘নাইটওয়াচম্যান’ টিম ব্রেসনানের দারুন প্রতিরোধ ও জো রুটের আরেকটি দুর্দান্ত ইনিংসে ভর করে অস্ট্রেলিয়াকে দ্বিতীয় টেস্টেও খাদের কিনারে ঠেলে দিচ্ছেন এখন ইংল্যান্ড। গতকাল লর্ডস টেস্টের তৃতীয় দিনে, চা-বিরতির পরপর এই রিপোর্ট লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট হাতে রেখে ৪১৮ রানের লিড নিয়ে নিয়েছে ইংলিশরা। রুট অপরাজিত আছেন ১০৫ রান করে।
প্রথম ইনিংসেই ২৫৩ রানের লিড নেওয়া ইংল্যান্ড দ্বিতীয় দিন শেষ বিকেলে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বেশ বিপদে পড়ে গিয়েছিল। ৩০ রানে হারিয়ে ফেলেছিল তারা তিন টপ অর্ডার ব্যাটসম্যানকে; ড্রেসিংরুমে ফিরে গিয়েছিলেন অ্যালিস্টার কুক, জনাথন ট্রট ও কেভিন পিটারসেন! এই বিপর্যয় সামাল দিয়ে গতকালকের দিনটা শুরু করার জন্য রুটকে সঙ্গ দিতে পাঠানো হয়েছিল পেসার ব্রেসনানকে। আর এই রুট-ব্রেসনান জুটিই অস্ট্রেলিয়াকে কার্যত তৃতীয় দিনেই ম্যাচ থেকে ছিটকে দিয়েছে।
ব্রেসনান ৩৮ রানে আউট হওয়ার আগে চতুর্থ উইকেটে রুটের সঙ্গে যোগ করে গেছেন ৯৯ রান। ব্রেসনান আউট হয়ে যাওয়ার পরও সাবলীল গতিতে এগিয়ে গেছেন রুট। অস্ট্রেলিয়ান বিস্ময় অ্যাস্টন অ্যাগারকেই কাট করে চার মেরে ২৪৭ বলে এক দূরন্ত ধৈর্যের পরিচয় দেওয়া সেঞ্চুরি পূর্ন করেন রুট। অথচ আগের দিন ইংল্যান্ডের প্রথম উইকেট হিসেবেই ফিরে যেতে পারতেন এই রুট। ওয়াটসনের বলে শূন্য রানে স্লিপে তার ক্যাচ ফেলেছিলেন অধিনায়ক মাইকেল ক্লার্ক।
ভাগ্য সেটুকু সহায়তা করার পর আর পেছন ফিরে তাকাতে হয়নি রুটকে। লর্ডসে সেঞ্চুরি করে ইতিহাসে নাম লিখিয়ে ফেললেন। সেই সঙ্গে আট টেস্টের ক্যারিয়ারে ২টি ফিফটির সঙ্গে ২টি সেঞ্চুরি নিয়ে ওপেনার হিসেবে নিজের জায়গা শক্ত করার পাশাপাশি কঠিন করে দিলেন নিক কম্পটনের দলে ফেরা।
