সাফ চ্যাম্পিয়নশিপসকে সামনে রেখে অনুশীলনরত জাতীয় দল গতকাল শনিবার অনুষ্ঠিত প্রস্তুতি ম্যাচে বাফুফে একাদশকে ২-১ গোলে পরাজিত করেছে। জাতীয় দলের ডাচ কোচ লুডভিক ডি ক্রুইফ এ প্রস্তুতি ম্যাচের পর সন্তোষ প্রকাশ করে বলেছেন, ‘ছেলেদের পারফরমেন্স আজ ভালো হয়েছে। তাদের মধ্যে খেলোয়াড়সুলভ আচরণ দেখা গেছে।’
তকলিসের জোড়া গোলে প্রথমার্ধে এগিয়ে যায় জাতীয় দল। দ্বিতীয়ার্ধে একটি গোল করে ব্যবধান কমায় বাফুফে একাদশের সবুজ। জার্মান প্রবাসী রিয়াসত এদিন সকালে ব্যাপক অনুশীলন করলেও বিকালের খেলাটিতে কোচ তাকে কেবল ১৫ মিনিট সুযোগ দেন। বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলার তাতে অসন্তুষ্ট নন বরং জানিয়েছেন সুযোগ পেতে হলে যে অপেক্ষায় থাকতে হয় সেটা তিনি আগেই শিখেছেন।
জানা গেছে খেলোয়াড়টির কিছুটা ইনজুরিও আছে। সেজন্যই হয়তো কোচ তাকে আস্তে ধীরে তার সামর্থ্য দেখতে চান। পাঁচ বছর বয়সে মা-বাবার সঙ্গে বাংলাদেশ ছেড়ে জার্মানি পাড়ি দেয়া ও বর্তমানে ২৩ বছর বয়সী রিয়াসত থাকেন ক্লোপেনবার্গ শহরে। খেলেন ওই শহরের ক্লাব বিভি ক্লোপেনবার্গে। তবে চতুর্থ বিভাগের এই দলের হয়েও তার বেশি খেলার সুযোগ হয়নি।
রিয়াসত নিজের সম্পর্কে বলেন, ‘ইনজুরিতে পড়ে ক্যারিয়ারের আড়াই বছর খুব বাজে কেটেছে আমার। তবে গেল আড়াই মাস ধরেই আমি ইনজুরিমুক্ত। আমি লোফেলডেন ক্লাবের হয়ে প্রথম মৌসুমে আট ম্যাচে তিন গোল করেছি এবং পরের মৌসুমে ১৩ ম্যাচে পাঁচ গোল করেছি। এটাই আমার ক্যারিয়ারের উজ্জ্বল দিক।’
ঢাকায় দুই সপ্তাহের জন্য আসা রিয়াসত জানিয়েছেন ডি ক্রুইফের নেক নজরে পড়লে তারপক্ষে জার্মানি থেকে এসে জাতীয় দলে খেলা সমস্যা হবে না।
