ন্যাপোলিতে রেইনা?

আপডেট : ২০ জুলাই ২০১৩, ২২:২২
সিরি এ দল নেপোলির কাছে ধারে গোলরক্ষক পেপে রেইনাকে ছেড়ে দিয়েছে লিভারপুল। আগামী মৌসুমে রেইনা নেপোলির হয়ে মাঠে নামবেন যেখানে তিনি সাবেক রেডস কোচ রাফায়েল বেনিতেজের অধীনে খেলবেন। লিভারপুল সূত্রে শুক্রবার এই তথ্য জানানো হয়েছে। আনফিল্ডে প্রায় আট বছর কাটিয়েছেন ৩০ বছর বয়সী এই স্প্যানিয়ার্ড। কিন্তু সান্দারল্যান্ড থেকে সিমন মিগনোলেট ক্লাবে যোগ দেবার পর এটা অন্তত স্পষ্ট হয়েছে রেইনা মূল একাদশের জায়গা হারিয়ে ফেলেছেন। প্রাক মৌসুম সফরের দ্বিতীয় লেগের অংশ হিসেবে লিভারপুল স্কোয়াডে যোগ দেবার জন্য রেইনার চলতি সপ্তাহের শেষে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ত্যাগের কথা ছিল। কিন্তু এখন মেডিক্যাল পরীক্ষার জন্য রেইনা ইটালিতে রওনা হচ্ছেন। এর মাধ্যমেই তিনি সিরি এ রানার্সআপ দলের সাথে সম্পর্ক গড়তে যাচ্ছেন। ভিয়ারেল থেকে ২০০৫ সালে রেইনা আনফিল্ডে যোগ দিয়ে প্রথম মৌসুমেই লিভারপুলকে ইউয়েফা সুপার কাপ এবং এফএ কাপের শিরোপা জয়ে সহযোগিতা করেছিলেন।